মহসীনুল করিম
ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একশ কোটি টাকা পুঁজি নিয়ে ২০ এপ্রিল ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করছে 'প্রবাসী কল্যাণ ব্যাংক'।
বিদেশ যেতে আগ্রহী এমন একজন পুরুষ ও একজন নারীর হাতে ঋণের অর্থের চেক হস্তান্তর করা হবে উদ্বোধনী দিনে।
এই চেক হস্তান্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান।
বিদেশ যেতে আগ্রহী কর্মীদের সহজ শর্তে ঋণ দেওয়া, সাশ্রয়ী খরচে রেমিটেন্স প্রেরণ এবং দেশে ফেরার পর তাদের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যেই এ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সোমবার জানান, ঢাকায় ২০ এপ্রিল ১১টি জনশক্তি রপ্তানিককারক দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে চতুর্থ 'কলম্বো প্রসেস' সম্মেলন শুরু হবে। হোটেল সোনারগাঁওয়ে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকের কার্যক্রমও উদ্বোধন করবেন।
জাফর আহমেদ খান বলেন, ১০০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে কার্যক্রম শুরু করবে এ ব্যাংক। এরমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে পাঁচ কোটি টাকার জোগান দেওয়া হয়েছে। বাকি ৯৫ কোটি টাকা এসেছে প্রবাসীদের পাঠানো টাকায় গড়ে ওঠা 'ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড' থেকে।
বিশেষায়িত এ নতুন ব্যাংকের স্থায়ী প্রধান কার্যালয় হবে ইস্কাটনে ৭০-৭১ এলিফ্যান্ট রোডের 'ওয়ান স্টপ সার্ভিস' ভবনে। ওই কার্যালয় পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত আপাতত মিরপুরের দারুস সালাম রোডে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এর কার্যক্রম চলবে।
এডিবির বার্ষিক প্রতিবেদন 'এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক'-এ পূর্বাভাস দেওয়া হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ ৩ শতাংশ এবং আগামী অর্থবছরে তা ৪ শতাংশ হারে বাড়তে পারে।
প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিএম কয়েস সামি বলেন, প্রবাসীদের কল্যাণে এ ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। এই প্রতিষ্ঠানটি অভিবাসন ব্যবস্থাপনা ও এ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশা করা হচ্ছে।
নতুন ও ভিন্ন ধারার এ ব্যাংক প্রতিষ্ঠার ধারণাকে 'একটি সুন্দর ও ঐতিহাসিক' উদ্যোগ উল্লেখ করে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, এ ব্যাংক বিদেশে কর্মরত কর্মীদের অর্থ প্রেরণ এবং বিনিয়োগে ও বিদেশ যেতে আগ্রহীদের ঋণ দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে। এতে দেশ লাভবান হবে।
ব্যাংকটি পরিচালনার ক্ষেত্রে বায়রার সভাপতি পদাধিকার বলে সংগঠনের প্রতিনিধিত্ব করবেন বলে জানান তিনি।
২০১০ সালের অক্টোবরে জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ব্যাংক আইন পাস হয়। এর আগে ২০০৯ সালের ১২ ফেব্র"য়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/২০৩১ ঘ.
bdnews24