ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন উপলক্ষে পাঁচ পৌরসভায় আগামী ১৬ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এই ছুটি ঘোষণা করা হয়।
নির্বাচনী সহিংসতায় নোয়াখালী সদরসহ স্থগিত হওয়া পাঁচ পৌরসভার ১৯টি কেন্দ্রে ১৬ এপ্রিল ভোট গ্রহণ হবে।
এর মধ্যে নোয়াখালী সদরের ১৪টি, ঘাটাইলের একটি, কুমিল্লার লাঙ্গলকোটের একটি, হবিগঞ্জের একটি ও ফেনী সদরের দুটি কেন্দ্র রয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, গত ১৮ জানুয়ারি পৌর নির্বাচনে গোলোযোগের কারণে নোয়াখালী সদরের ২৫টি কেন্দ্রের মধ্যে ১৪টির ভোট স্থগিত করা হয়। এসব কেন্দ্রে পুনর্নির্বাচন হবে।
এসব নির্বাচনী এলাকার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান এ ছুটির আওতায় পড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯১২ ঘ.
bdnews24