কুমিল্লা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের নারী নীতি কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, এ দেশের মানুষ ধর্ম নিরপেক্ষতা চায় না।
মঙ্গলবার বিকালে কুমিল্লায় এক জনসভায় সাবেক এই রাষ্ট্রপতি বলেন, "ইসলামকে রাষ্ট্রধর্ম করেছিলাম। আজ ইসলামের ওপর আঘাত এসেছে। আপনারা নারী-নীতি করেছেন। এ নীতি কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক।"
নারী নীতি নিয়ে সরকারকে আলেম-ওলামাদের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়ে ক্ষমতাসীন মহাজোটের এই নেতা বলেন, "যতোই ধর্মনিরপেক্ষতার কথা বলুন, এদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতা চায় না। ধর্মনিরপেক্ষতা মানবে না।"
দেবীদ্বার রেয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন।
বর্তমান সরকারের 'ব্যর্থতা' তুলে ধরে জাপা চেয়ারম্যান বলেন, দেশে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, জিনিসপত্রের দাম আকাশচুম্বি।
রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে মত দিয়ে সাবেক সেনা শাসক এরশাদ বলেন, তা করা হলে দেশের মানুষ তাকেই আবার বিজয়ী করবে।
জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও কুমিল্লা উত্তর জেলা সভাপতি মো. ইকবাল হোসেন রাজুর সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন খান, এসএম আলম প্রমুখ।
এই সম্মেলনের মাধ্যমে লুৎফর রেজা খোকনকে সভাপতি, ইউছুফ আজগরকে সাধারণ সম্পাদক ও মহিইদ্দিন মজনুকে সাংগঠনিক সম্পাদক করে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১৪২ ঘ.
bdnews24