২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের কথাই ফলেছে: ফখরুল

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বিএনপির দেওয়া বক্তব্যেরই প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বিএনপির দেওয়া বক্তব্যেরই প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রোববার বলেছেন, "আমরা বার বার যে আশঙ্কার কথাটি বলে আসছিলাম, ওই প্রতিবেদনের মাধ্যমে তাই সত্য প্রমাণ হয়েছে। সরকার প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছে। বিচারবর্হিভূত হত্যাকাণ্ড চলছে। বিচার বিভাগ দলীয়করণ করা হয়েছে। এসব বিষয়গুলোই যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে।" ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়ে সকালে জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর তিনি সাংবাদিকদের একথা বলেন। দেশে গণতন্ত্র হুমকির মুখে রয়েছে দাবি করে ফখরুল বলেন, "সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারই এখন বড় চ্যালেঞ্জ।" গত বুধবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সবার সহযোগিতা চেয়েছেন ফখরুল। জিয়ার কবরে ফুল দেওয়ার সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন কয়েক হাজার নেতা-কর্মী। নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার, গোলাম আকবর খন্দকার, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলমও সেখানে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬২০ ঘ.