সিরাজগঞ্জ, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কওমী জুট মিল চালু হলে সিরাজগঞ্জের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
বন্ধ থাকা পাটকলটি পুনরায় চালু হওয়ার দুই দিন আগে বৃহস্পতিবার সিরাজগঞ্জ আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি বলেন, "এ মিলটি চালু হলে ৫ হাজার শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থানের সৃষ্টি হবে। ঘুরে দাঁড়াবে সিরাজগঞ্জের অর্থনীতির চাকা।"
রাষ্ট্রীয় মালিকানাধীন উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এ পাটকল বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বন্ধ করা হয়েছিলো। আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকলটির কার্যক্রম আবার উদ্বোধন করবেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, বর্তমান মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পরই বেকার শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে বন্ধ হওয়া মিলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আগামী ৯ এপ্রিল কওমী জুট মিল পুনরায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
মতবিনিময় সভার পর নাসিম কওমী জুটমিল পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24