সিলেট, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতি বাতিল না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন মুফতি ফজলুল হক আমিনী।
একই দাবিতে হরতালের দুই দিন পর বৃহস্পতিবার সিলেটে এক গোলটেবিল আলোচনায় তিনি এ হুমকি দেন।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোরে একাংশের চেয়ারম্যান আমিনী বলেন, "৪ এপ্রিলের নজিরবিহীন হরতাল প্রমাণ করেছে, কুরআন-সুন্নাহবিরোধী কোনো নীতিমালা জনগণ মেনে নেবে না।
"বিতর্কিত এ নীতিমালা স্থগিত করে সঠিক নীতিমালা সরকারকে বাস্তবায়ন করতে হবে। নইলে আরো কঠোর কর্মসূচি আসবে।"
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে গত ৪ এপ্রিল আমিনীর ডাকা হরতালে তেমন সাড়া দেখা না গেলেও চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে ব্যাপক ভাংচুর চালায় কওমী মাদ্রাসার ছাত্ররা।
মন্ত্রিসভায় অনুমোদিত নারী নীতিতে ইসলামবিরোধী কিছু নেই বলে সরকারের পক্ষ থেকে বলা হলেও কয়েকটি ইসলামী সংগঠন এর বিরোধিতা করছে।
সিলেটের আম্বরখানার একটি হোটেলে গোলটেবিল বৈঠকে আমিনী ছিলেন প্রধান অতিথি। বক্তব্যে তিনি হরতালের সময় গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন।
আমিনীর দাবি, হরতালের দিন দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
সিলেটের পর সুনামগঞ্জেও একটি মাহফিলে আমিনী অংশ নেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধি জানিয়েছেন।
সেখানে আমিনী বলেন, "বর্তমান শিক্ষানীতি ইসলামবিরোধী। আর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নাস্তিক।"
পুলিশ ও প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "আলেম-ওলামাদের জুলুম, নির্যাতন করা হলে আগামীতে ক্ষমতায় গিয়ে এর প্রতিশোধ নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৬ ঘ.
bdnews24