ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথক মামলায় জামায়াতে ইসলামির তিন নেতাসহ ধর্মভিত্তিক তিন দলের ২৪ জনকে জামিন দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি তাদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তার কারণ জানতে চেয়েছে আদালত।
বৃহস্পতিবার বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. রেজাউল হাসানের বেঞ্চ পৃথক আবেদনে এ আদেশ দেয়।
জামিনপ্রাপ্ত অন্যরা হলেন- ইসলামি ঐক্যজোটের একজন এবং ইসলামি আইন বাস্তবায়ন কমিটির ২০ নেতা-কর্মী।
জামায়াতের ঢাকা মহানগরীর আমির রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হামিদ হোসাইন আজাদ এবং দপ্তর সম্পাদক আমিনুল ইসলামকে ছয় মাসের আগাম জামিন দেওয়া হয়েছে।
গত ৫ এপ্রিল পুলিশের ওপর হামলার অভিযোগে পল্টন থানায় মামলাটি হয়। ব্যারিস্টার মওদুদ আহমদ এ মামলায় আসামিদের পক্ষে শুনানি করেন।
ইসলামি ঐক্যজোট নেতা মুফতি ইজহারুল ইসলাম ছয় মাসের অর্ন্তবর্তীকালীন জামিন পেয়েছেন।
চট্টগ্রামের রামুর রাবার বাগানে গোপন বৈঠক এবং বিস্ফোরক ও 'জিহাদি বই' রাখার অপরাধে ২০১০ সালের ১৩ ডিসেম্বর রামু থানায় পুলিশ তার বিরুদ্ধে মামলাটি করে।
আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
ইসলামি আইন বাস্তবায়ন কমিটির ডাকা সোমবারের হরতালে কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা দুই মামলায় কমিটির চকরিয়া সভাপতি মুফতি এনামুল হকসহ ১৬ জনকে আগাম জমিন দিয়েছে একই বেঞ্চ। দুই মামলায় আরো এক আসামি থাকলেও তিনি জামিন প্রার্থনা করেননি।
চকরিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক একেএম সাইফুদ্দিন মামলা দুটি দায়ের করেন।
হরতালের দিন পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগে দায়ের মামলায় ইসলামি আইন বাস্তবায়ন কমিটির চারজনকে ছয় মাসের জামিন দেওয়া হয়েছে। রামু থানার উপ-পরিদর্শক মোকাদ্দেস হোসেন মামলাটি করেন।
এই তিন মামলায়ও আসামিদের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন।
সব মামলায় সরকার পক্ষে শুনানি করেন সহকারি অ্যাটর্নি জেনারেল মো. মামুনুর রশিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/আরএ/পিডি/১৭৫৯ ঘ.
bdnews24