ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত মনে করেন, বিএনপির মুখে সংবিধান সংশোধনে সমঝোতার কথা শোভা পায় না।
তিনি প্রশ্ন তুলেছেন, বিএনপি যখন পঞ্চম সংশোধনী করেছিল, তখন তারা কার সঙ্গে সমঝোতা করেছিল? তখন সামরিক শাসন জারি করার সময় কার সঙ্গে সমঝোতা করেছিলেন?
"এখন বিএনপির মুখে এ ধরনের কথা শোভা পায় না।"
বুধবার সংসদ ভবনের প্রচার কক্ষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন সুরঞ্জিত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেন, সরকার সংবিধান সংশোধন নিয়ে ছেলেখেলা করছে। সরকারকে বলতে চাই- কোনো সমঝোতা ছাড়া সংবিধান সংশোধন করা হলে বিএনপি তা মেনে নেবে না।
বুধবার সুরঞ্জিত বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, আপনারা আসেন। একজন সদস্য আসার জন্য বলা হয়েছে, সেখানে প্রয়োজনে আপনারা দুই জন দেন। প্রধানমন্ত্রী তো বিবেচনা করবেন বলে জানিয়েছেন।
বর্তমান ১৫ সদস্যের কমিটিতে বিএনপি'র একজন সদস্য আহ্বান করা হলেও কোনো সাড়া মেলেনি বিরোধী দলের পক্ষ থেকে।
সংসদে সব ধরনের কমিটিতে আনুপাতিক হারে সদস্য থাকলেও সংবিধান সংশোধনের কমিটিতে বিএনপির যোগ না দেওয়ার সমালোচনা করেন সুরঞ্জিত।
"আপনারা সব কমিটিতে যান, শুধু এ কমিটিতে আসছেন না। সংবিধান সংশোধনের বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। আসুন, ভূমিকা রাখুন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮২০ ঘ.
bdnews24