কুড়িগ্রাম, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনায় একটি মামলা হয়েছে।
সোমবার দুপুরে উলিপুর উপজেলার বাকেরের হাট ফাজিল মাদ্রাসায় এ ভাংচুর হয়।
রাতে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি সদস্য হারুনুর রশীদ বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলাটি দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- ওই মাদ্রাসার শিক্ষক আবু জাফর খাজা মো. মাইনুদ্দিন খান, মো. তোফাজ্জল হোসেন, আবুল কাসেম, মো. নজরুল ইসলাম এবং অফিস সহকারী আবু তাহের।
এর মধ্যে আবু জাফর খাজা মো. মাইনুদ্দিন খান ও মো. তোফাজ্জল হোসেনকে গভীর রাতে পুলিশ আটক করে।
মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হলে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জামিন মঞ্জুর করে।
মামলার বাদী হারুনুর রশীদ সাংবাদিকদের বলেন, পূর্ব পরিকল্পিতভাবে মাদ্রাসার জামায়াতপন্থি কয়েক শিক্ষক ও অফিস সহকারী অধ্যক্ষের কক্ষে টানানো ছবি ভাংচুর করেন।
এ সময় স্থানীয় ব্যক্তি আলীম আল রেজা বাধা দিলে তাকে মারধর করা হয়, বলেন তিনি।
উলিপুর থানার ওসি বজলুর রশীদ সাংবাদিকদের বলেন, "পুলিশের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০০ ঘ.
bdnews24