ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবারের হরতালের সময় রাজধানীতে গ্রেপ্তার একশ ৩২ জনকে বিভিন্ন মেয়াদে হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়।
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে ফজলুল হক আমিনীর ডাকা সোমবারের হরতালের সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেপ্তার করে পুলিশ।
শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা ১৪ জনের মধ্যে ১২ জনকে গাড়ি ভাংচুরের অভিযোগে দ্রুত বিচার আইনের মামলায় দুদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দেন মহানগর হাকিম ইসমাইল হোসেন। একই মামলার আরো দুজনকে কারাফটকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
রমনা এলাকা থেকে গ্রেপ্তার করা ৩৪ জনকে একই অভিযোগে একই আইনের মামলায় দুদিন হেফাজত মঞ্জুর করেন মহানগর হাকিম এরফান উল্লাহ।
মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা ১৮ জনকে দুদিনের হেফাজতে পাঠান মহানগর হাকিম জয়নাব বেগম।
এছাড়া মোহাম্মদপুরে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মো. ইসমাইল হোসেন একই আসামিদের দুদিনের হেফাজতে পাঠান।
পল্টন এলাকা থেকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৭৭ জনের মধ্যে তিনজনকে জামিন, ছয়জনকে সতর্কতার সঙ্গে কারা ফটকে জিজ্ঞাসাবাদ, বাকি ৬৮ জনকে দুইদিনের পুলিশ হেফাজতের অনুমতি দিয়েছেন মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান।
অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তিনজনকে জামিন দেওয়া হয়।
অন্যদিকে এই ৭৭ জনের মধ্যে ৪৪ জনকে গাড়ি ভাংচুরের অভিযোগে আরেক মামলায় হেফাজতের নেওয়ার আবেদন করা হলে মহানগর হাকিম আসাদুজ্জামান নূর বৃহস্পতিবার শুনানির দিন রাখেন।
এদের প্রত্যেককে রমনা থানার মামলায় সাত দিন এবং শাহবাগ, মোহাম্মদপুর, পল্টন থানার মামলায় পাঁচদিন করে হেফাজত চাওয়া হয়েছিলো।
আসামিদের পক্ষে হেফাজতের আবেদন বাতিল ও জামিন চান অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, বেলাল হোসেন জসীম, জয়নাল আবেদীন মেসবাহ, এম এ জলিল উজ্জল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/পিডি/২০০০ ঘ.
bdnews24