২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় মামলা, গ্রাম পুরুষশূন্য

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনায় তিনশ জনকে আসামি করে মামলা হয়েছে। গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে একটি গ্রাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 04:55 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

পিরোজপুর, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনায় তিনশ জনকে আসামি করে মামলা হয়েছে। গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে একটি গ্রাম। টোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গননাকে কেন্দ্র করে শনিবার রাতে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে র‌্যাব ও পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব উল্লাহ রোববার সকালে মামলা দায়ের করেন। তিনি জানান, মামলায় সরকারি কাজে বাধাদান, সরকারি গাড়ি ভাংচুর, পুলিশ ও র‌্যাব সদস্যদের ওপর হামলাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। সোমবার সরজমিনে দেখা যায়, মামলার খবরে এলাকায় গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। একটি গ্রাম পুরুষ-শূন্য হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের উত্তর-পশ্চিম টোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (তেঁতুলবাড়ি) ভোট গণনার সময় চেয়ারম্যান পদের দুই প্রার্থী জামায়াত ইসলামী সমর্থিত মন্নান মোল্লা ও আওয়ামী লীগ সমর্থিত সোবহান খানের সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহিনুর রহমান র‌্যাব ও পুলিশের সহায়তায় ব্যালট বাক্স উপজেলা পরিষদের নির্বাচনী কন্ট্রোল রুমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু উপজেলা সদরে যাওয়ার সময় মূলগ্রাম বাজার সেতুর ওপর মন্নানের সমর্থকরা নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী কয়েক রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে রাত ১০টার দিকে সদর উপজেলা পরিষদের কন্ট্রোল রুম থেকে ওই কেন্দ্রসহ টোনা ইউনিয়নের অন্যান্য কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। তাতে সোবহান খান ৬৯ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থী মন্নান মোল্লাকে আটক করে সদর থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ তাকে নির্বাচনী আচরনবিধি লংঘনের অভিযোগে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২২৫১ ঘ.