কুড়িগ্রাম, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে একটি মাদ্রাসার এক কর্মচারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে উলিপুর উপজেলার বাকরের হাট ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসার অফিস সহকারী আবু তাহের বেলা ১১টার দিকে দেওয়ালে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ভাংচুর করেন।
মাদ্রাসার উপাধ্যক্ষ এমএ আবুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, জামায়াতপন্থি অফিস সহকারী আবু তাহেরের বিরুদ্ধে তিনি ইউএনও'র কাছে লখিত অভিযোগ দিয়েছেন।
উলিপুর থানার ওসি বজলুর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর পুলিশ গেলে আবু তাহের পালিয়ে যান বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ মাদ্রাসার উপাধ্যক্ষের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৬ ঘ.
bdnews24