২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে বিশৃঙ্খলা হতে পারে'

ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। সোমবার রাতে খালেদার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সাক্ষাতের সময় তিনি এ আশঙ্কা ব্যক্ত করেন বলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক এক ব্রিফিংয়ে জানিয়েছেন। ওসমান ফারুক বলেন, বিএনপি চেয়ারপারসন প্রতিনিধি দলকে বলেছেন, "নারী উন্নয়নে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। বিএনপি সবসময় নারী উন্নয়নের পক্ষে। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো পদক্ষেপ জোর করে নেওয়াটা ঠিক হবে না। এ জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে। তা নাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।" যুক্তরাষ্ট্রের সফররত সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর নিকট প্রাচ্য ও দক্ষিণ এশিয়া (এনইএসএ) বিষয়ক পরিচালক রাষ্ট্রদূত জেমস এ লারোকোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার রাতে খালেদার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করে। এক ঘন্টাব্যাপী এই সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ওসমান ফারুক। প্রতিনিধিদলের সদস্যরা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের কার্যক্রম ব্যাখ্যা করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ড. রবোর্ট বোগা, জন জ্যাক গিল ও জ্যাকহেরি মেয়ার। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এ সময় উপস্থিত ছিলেন। উপদেষ্টা ওসমান ফারুক আরো জানান, যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর প্রতিনিধি দলের সঙ্গে খালেদা জিয়ার সন্ত্রাসবাদ, নারী উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিনিধি দলটি খালেদার নেতৃত্বে বিএনপির বিগত শাসনামলে নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা করেছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০২৯ ঘ.