ফরিদপুর, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের নগরকান্দায় হরতালকারীরা পুলিশের একটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। পুলিশ-পিকেটার সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২১ জন।
নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সোমবার সারাদেশে হরতালের ডাক দেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী।
নগরকান্দা উপজেলা সদরে হরতাল সমর্থকরা সকালেই পিকেটিংয়ে নামে। সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের সঙ্গে পিকেটারদের বাকবিতণ্ডা এবং পরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
পুলিশ জানায়, পিকেটারদের ছোড়া ইটের আঘাতে নগরকান্দা থানার ওসি শঙ্কর কুমার দাসসহ ১৬ পুলিশ সদস্য আহত হলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে পাঁচ পিকেটারও আহত হয়।
এক পর্যায়ে কয়েক হাজার পিকেটার থানা ঘেরাও করলে পুলিশ শটগানের চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ বহনকারী একটি পিকআপ ভ্যান জঙ্গুরদি এলাকায় পৌঁছালে পিকেটাররা তাতে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ জানায়।
তবে এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে সহকারী পুলিশ সুপার (এএসপি) শহীদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।
ওই সংঘাতের পর নগরকান্দা বাজারের সব দোকান বন্ধ হয়ে যায়। এলাকায় পুলিশের টহল চলছে।
ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার সেখানে গেছেন।
এদিকে সকাল ১০টার দিকে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকাতেও পুলিশ ও পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়।
পুলিশ পিকেটারদের ছত্রভঙ্গ করতে ছয় রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে। ওই এলাকা থেকে ছয় জনকে আটক করেছে পুলিশ।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা শহরে দুপুর পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24