ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক চার দলীয় জোট সরকারের বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলুকে আগামী ৪ মে আদালতে হাজির হতে বলা হয়েছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক উৎপল চৌধুরী রোববার এ আদেশ দেন। এছাড়া এ মামলার অপর নয় আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি।
আবাসন নির্মাতা প্রতিষ্ঠান ক্যাপিটাল টাওয়ারের অংশীদার খুরশিদ মোর্শেদা আক্তার রোববার সকালে মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার বাকি নয় আসামি হলেন- আবাসন নির্মাতা প্রতিষ্ঠান ক্যাপিটাল টাওয়ারের চেয়ারম্যান সাবিহা ইকবাল, প্রতিষ্ঠানটির পরিচালক বুলুর স্ত্রী শামীমা আক্তার, মনোয়ারা কামাল, জহুরা কামাল, পলাশ আহমেদ শিবু, শাহ আলম, মো. মহসীন এবং অংশীদার জসীম উদ্দিন ও সকিনা বেগম।
বাদী অভিযোগ করেছেন, কোম্পানির নয় কর্মকর্তা ও অংশীদার বাৎসরিক হিসাব নিরীক্ষণে গরমিল করে ২০০৪ সালের ১৪ অক্টোবর থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ৯ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার টাকা আত্মসাত করেছেন।
আর বরকত উল্লাহ বুলু প্রতিষ্ঠানের পরিচালক শামীমা আক্তারের (বুলুর স্ত্রী) পক্ষে সিদ্ধান্তে স্বাক্ষর করে টাকা আত্মসাতে সাহায্য করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/জেকে/১৭৪০ ঘ.
bdnews24