ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ঐক্যজোটের ডাকা সোমবারের হরতালে সমর্থনের বিষয়টি আবারো এড়িয়ে গেল বিএনপি।
শনিবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রস্তাবিত নারীনীতি নিয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তিনি বলেন, আমরা মনে করি, সরকারের উচিৎ নারীনীতিতে নতুন কী সংযোজিত হয়েছে, তা ব্যাখ্যা করা। নারীনীতির কোনো অংশ যদি দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুশাসনের বিপক্ষে থাকে তা প্রত্যাহারের ঘোষণা দেয়া।
নারীনীতি প্রণয়নের আগে সরকার দেশের আলেম সমাজসহ বিরোধী দলের সঙ্গে আলোচনা করা প্রয়োজন মনে করেনি- এ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এ নিয়ে আন্দোলনরতদের সঙ্গে সরকার আলোচনায় না বসে দমননীতির অগণতান্ত্রিক পথ বেছে নিয়েছে। আমরা সরকারের এহেন কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি।
"বর্তমান সরকার নির্বাচনের আগে অঙ্গীকার করেছিলো, তারা কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন করবে না।"
গত ৮ মার্চ সরকারের 'ইসলামবিরোধী' কর্মকাণ্ডের প্রতিবাদে সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ইসলামী ঐক্যজোটের একাংশ।
শুক্রবার মির্জা ফখরুল ইসলাম জানান, ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতাল তাদের দলীয় কর্মসূচি। এ বিষয়ে বিএনপি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে আমরা কোনো কথা বলিনি, বলব না।
শনিবারের সংবাদ ব্রিফিঙে মির্জা আলমগীর বলেন, বিএনপি নীতিগতভাবেই ধর্মীয় অনুশাসনবিরোধী যে কোনো নীতি ও আইনের বিরুদ্ধে। সরকারের এ ধরনের কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সব আন্দোলন-সংগ্রামের পক্ষে বিএনপি ছিলো, আছে ও থাকবে।
সোমবারের হরতালের মাঠে থাকবেন কি না- জানতে চাইলে বিএনপির মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত মির্জা ফখরুল বলেন, আমরা লিখিত বক্তব্য দিয়েছি। এটাই আমাদের অবস্থান।
শনিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে শনিবার সংবাদ ব্রিফিঙে এক পৃষ্ঠার লিখিত বক্তব্য তুলে ধরেন মির্জা ফখরুল।
সংবাদ ব্রিফিঙে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০০৯ ঘ.
bdnews24