ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াকে যারা হত্যা করেছে তারাই এখন তাকে স্বাধীনতার ঘোষক বানাতে ওঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
শুক্রবার বিকালে ধানমণ্ডির ডব্লিউভিএস মিলনায়তনে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সাহারা বলেন, "জিয়া বেঁচে থাকতে কখনো দাবি করেননি যে, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ইতিহাস বিক্রিত করার জন্যই জিয়াকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করা হচ্ছে।"
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, জিয়াকে স্বাধীনতার ঘোষক দাবি করা হলে বিএনপিকে ২৭ মার্চ স্বাধীনতা দিবস পালন করতে হবে।
"বিএনপি ২৭ মার্চ স্বাধীনতা দিবস পালন করলে আমরা এ বিষয়ে আর কিছুই বলবো না", বলেন তিনি।
আগামি ৪ এপ্রিল হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করা হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে সতর্ক করে দেন হানিফ।
মুফতি ফজুলল হক আমিনীকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, "হরতালের নামে বিশৃঙ্খলা করে আপনি পার পাবেন না। সময় থাকতে হরতাল প্রত্যাহার করুন।"
ড. মুহাম্মদ ইউনূসের অব্যাহতি ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারি দাবি করেন, যুক্তরাষ্ট্রের ধকম খেয়ে বিএনপি নেতারা ইউনূসের পক্ষে কথা বলছেন।
মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আমির আলীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো. আবুল মজিদ ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমইউএস/জেকে/এইচএ/২০৫০ ঘ.
bdnews24