ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ দিন শুক্রবার তিন উপজেলার ১২ ইউনিয়নে ভোটাভুটি চলছে।
বরিশাল বিভাগের দুই জেলার তিন উপজেলার ১২ ইউপিতে এই ভোটগ্রহণ করা হচ্ছে। সকাল ৮টায় ভোট শুরু হয়। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় রয়েছে সাধারণ ছুটি।
ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (পৌর ও পল্লী ) আব্দুল বাতেন জানান, শুক্রবার বরিশাল বিভাগের দুই জেলার তিন উপজেলার ১২ ইউপিতে নির্বাচন হচ্ছে।
পটুয়াখালীর দুমকী উপজেলার ৩ ইউপি, কলাপাড়ার ৪ ইউপি ও পিরোজপুর জেলার নাজিরপুরের ৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে।
এর আগে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানান, স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের সুবিধার কথা বিবেচনা করে কিছু ইউনিয়নে শুক্রবার ভোটের দিন নির্ধারণ করা হয়েছে। তবে আগামীতে শুক্রবার বাদ রেখে ভোটের দিনক্ষণ নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হবে।
প্রথম দফার নির্বাচনে বৃহস্পতিবার তিন বিভাগের আট জেলার ১৪ উপজেলার ১২৫টি ইউনিয়নে, বুধবার দ্বিতীয় দিনে ৪ উপজেলার ২৪টি ইউনিয়নে এবং মঙ্গলবার প্রথমদিন উপকূলীয় ২৪ উপজেলার ১৮৭ ইউপিতে ভোট হয়।
এ পর্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
ইউপি নির্বাচনে দু'এক জায়গায় সরকার দলীয় সংসদ সদস্যদের প্রভাব খাটানোর চেষ্টায় ক্ষোভ প্রকাশ করে বৃহস্পতিবার তিনি বলেন, "আগামীতে সাংসদরা স্থানীয় পর্যায়ে প্রভাব খাটোনোর এ প্রবণতা দেখাবেন না বলে প্রত্যাশা করি।"
তিনি সাংবাদিকদের জানান, ইউপি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাঠ পর্যায়ে নির্দেশনা রয়েছে। অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারে প্রতি উপজেলায় একজন করে বিচারিক ও একজন করে নির্বাহী হাকিম নিয়োজিত রয়েছেন।
দেশের সাড়ে চার হাজার ইউনিয়নে পাঁচ দিনব্যাপী এই নির্বাচন মঙ্গলবার শুরু হয়। এ নির্বাচন চলবে ৩ এপ্রিল পর্যন্ত। শনিবার ৭ জেলার ১১ উপজেলায় ৮০ ইউপি এবং শেষ দিন রোববার ৮ জেলার ১৫ উপজেলায় ১৩২ ইউপিতে নির্বাচন হওয়ার কথা।
প্রথম দফা এ নির্বাচনের পর সাড়ে চার হাজার ইউপির বাকিগুলোতে মে-জুন মাসে দ্বিতীয় দফা নির্বাচন করার পরিকল্পনা রয়েছে ইসির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে কেএমএস/১০৩৭ ঘ.
bdnews24