২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সাংসদদের প্রভাব উচ্চ পর্যায়ে জানাবো'

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দু'এক জায়গায় সরকার দলীয় সংসদ সদস্যদের প্রভাব খাটানোর চেষ্টায় ক্ষোভ প্রকাশ করে নির্বাচন কমিশন জানিয়েছে, বিষয়টি তারা 'উচ্চ পর্যায়ে' জানাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে দু'এক জায়গায় সরকার দলীয় সংসদ সদস্যদের প্রভাব খাটানোর চেষ্টায় ক্ষোভ প্রকাশ করে নির্বাচন কমিশন জানিয়েছে, বিষয়টি তারা 'উচ্চ পর্যায়ে' জানাবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, "১৪৪ ধারা উপেক্ষা করে এক সাংসদ সমাবেশ করেছেন। এটা তো ঠিক নয়। সাংসদরা যদি নির্দেশনা না মানেন তা হলে তো মুশকিল। আমরা ভাবছি এ বিষয়ে উচ্চ পর্যায়ে বলতে হবে যে- উনাদের সামলান।" সাংসদের বিরুদ্ধে কিছু করতে না পারায় বাধ্য হয়ে নাজিরপুরের দুটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে ছয়দিনব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন নির্বাচন কমিশনার। ছহুল হোসাইন বলেন, "বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এ পর্যন্ত নির্বাচনের সার্বিক পরিস্থতি নিয়ে আমরা খুবই হ্যাপি।" আগামী তিনদিনও সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ছহুল হোসাইন বলেন, "আগামীতে সাংসদরা স্থানীয় পর্যায়ে প্রভাব খাটোনোর এ প্রবণতা দেখাবেন না বলে প্রত্যাশা করি।" স্থানীয় সংসদ সদস্য এ কে এম এ আউয়াল গত মঙ্গলবার ১৪৪ ধারা ভেঙে সমাবেশ করেন। এ কারণে নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কায় পিরোজপুরের দুই উপজেলায় চার ইউনিয়নে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। ১ ও ২ এপ্রিল এসব ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। প্রথম দফায় ভোটের তৃতীয় দিন বৃহস্পতিবার অনিয়মের অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউপির বাটামারা প্রাথমিক স্কুল ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। শুক্রবার ১২ ইউপিতে নির্বাচন ইউপি নির্বাচনের চতুর্থ দিন শুক্রবার বরিশাল বিভাগের দুই জেলার তিন উপজেলার ১২ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি সচিবালয়ের পৌর ও পল্লী শাখা জানায়, পটুয়াখালীর দুমকী উপজেলার তিন ইউপি, কলাপাড়ার চার ইউপি ও পিরোজপুর জেলার নাজিরপুরের পাঁচ ইউপিতে নির্বাচন হচ্ছে। শনিবার সাত জেলার ১১ উপজেলায় ৮০ ইউপিতে ও শেষ দিন রোববার আট জেলার ১৫ উপজেলায় ১৩২ ইউপিতে নির্বাচনের কথা রয়েছে। প্রথম দফা এ নির্বাচনের পর সাড়ে চার হাজার ইউপির বাকিগুলোয় দ্বিতীয় দফায় মে-জুন মাসে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে ইসির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/১৯১৯ ঘ.