বরিশাল, ৩০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের দুটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে চেয়ারম্যান পদের এক পরাজিত প্রার্থী।
তাজেম আলী হাওলাদার নামের এই প্রার্থী বুধবার বিকেলে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান।
মঙ্গলবার এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে তাজেম আলী বলেন, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক ও তার ভগ্নিপতি চেয়ারম্যান পদপ্রার্থী মাইনুল হাসান পুলিশের সামনে লাঠি দিয়ে তার প্রধান নির্বাচনী এজেন্ট সাকিল আহম্মেদসহ বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে।
এ সময় জনগণের দাবির মুখে উপজেলা চেয়ারম্যানকে থানায় নেওয়া হলেও অল্প সময়ের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তাজেম।
তিনি বলেন, গোলাম ফারুকের নেতৃত্বে দক্ষিণ বাইশারী ও গরদ্ধার বিদ্যালয় কেন্দ্রে মাঈনুল হাসানের প্রতীকে সিল মেরে বাক্স ভর্তি করা হয়।
এ ঘটনায় মামলা করতে গেলে থানার ওসি উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের নাম বাদ দিয়ে এজাহার দিতে বলেন। এ কারণে মামলা করতে পারেননি বলে দাবি করেন তাজেম।
তিনি ওই দুই কেন্দ্রের ভোট বাতিল করে পুনর্নির্বাচন দাবি করেন।
এই ইউনিয়নে চেয়ারম্যান পদে মাঈনুল হাসান জয়ী হয়েছেন।
মাঈনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ ছিলো। এর মধ্যে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। এ অভিযোগ মিথ্যা।
এ ব্যাপারে সদর থানার ওসি আমিরুজ্জামান আমির বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমার কাছে আসেনি। অভিযোগ এলে আমরা তদন্ত করে দেখব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২১১০ ঘ.
bdnews24