ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী থেকে পর্যায়ক্রমে রিকশা উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তবে কোনো এলাকায় রিকশা চলাচল নিষিদ্ধ করা হলে স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের জানিয়ে তা প্রচারের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকার সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, "ঢাকার যানজট নিরসনে পর্যায়ক্রমে রিকশা উঠিয়ে নেওয়া হবে।"
গত সোমবার রিকশা চালকদের ভাংচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, "এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে সভায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।"
রাজধানীর বিভিন্ন সড়কে রিকশা চলাচল নিষিদ্ধের প্রতিবাদ এবং পুলিশি হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ রিকশা-ভ্যান মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ গত সোমবার দুপুরে মুক্তাঙ্গনে সমাবেশ ডাকে।
ওই সমাবেশের আগে রিকশা শ্রমিক-মালিকদের বিক্ষোভের মধ্যে পুরানা পল্টন থেকে মালিবাগ মোড় পর্যন্ত এলাকায় শতাধিক গাড়ি ভাংচুর হয়।
অবশ্য রিকশা মালিক-শ্রমিকরা বলছেন, তারা ভাংচুরে জড়িত ছিলেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৮৪২ ঘ.
bdnews24