ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ন্ত্রণের পক্ষে মত দিয়েছে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্যরা।
মঙ্গলবার কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয় বলে বুধবার সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে জানান কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা ও জরুরি অবস্থা ঘোষণার আরেকটু স্পষ্টকরণের এবং এ বিষয়টি স্থগিত রাখা যায় কি না, সেটাও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।"
২০০৭ সালে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট তুলে ধরে সংসদ সদস্য সুরঞ্জিত বলেন, "সংবিধানে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে রাষ্ট্রপতির জরুরি অবস্থা জারির কথা রয়েছে। কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি ছিলেন একই ব্যক্তি। একক ব্যক্তির এ ধরনের ক্ষমতা মূল সংবিধানের বিরোধী।
"তাতে বিপদের জায়গাটা হলো, এ রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারির ক্ষমতা এককভাবে পেয়ে গেলেন। দুটি ক্ষমতা এক হওয়ায় যথেচ্ছভাবে জরুরি অবস্থার প্রয়োগ হয়েছে।"
তাই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জরুরি অবস্থা জারি এবং অধ্যাদেশ জারির ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত করতে কমিটির সদস্যরা মত দিয়েছেন বলে জানান তিনি।
২০০৭ সালে রাজনৈতিক সংঘাতের প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারি করেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। ওই সময় প্রধান উপদেষ্টার দায়িত্বেও ছিলেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি রাখার পক্ষেই সংসদীয় কমিটির সদস্যরা মত দিয়েছেন বলে সুরঞ্জিত জানান। তবে বর্তমান পদ্ধতির সংস্কারের পক্ষে তারা।
সংবিধানের ৪৮, ৫৮, ৬৭, ৭০ অনুচ্ছেদ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে কো-চেয়ারম্যান বলেন, আগামী ৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত আবার বৈঠক করবেন তারা।
সংবিধান সংশোধনে গত বছরের ২১ জুলাই সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের বিশিষ কমিটি করা হয়। এ কমিটিকে বিরোধী দল থেকে সদস্য আহ্বান করলেও তাদের সাড়া মেলেনি।
বিশেষ কমিটির কার্যক্রম শেষ হলে মে মাসে সংবিধান সংশোধনে সংসদের বিশেষ অধিবেশনে তা বিল আকারে উত্থাপন করা হবে।
তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নির্দিষ্টকরণ
তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালনের সময় যে কোনো অবস্থাতেই ৯০ দিনের বেশি না হয়, তা সাংবিধানিকভাবেই নিশ্চিত করার পক্ষে মত দিয়েছেন সংসদীয় বিশেষ কমিটির সদস্যরা।
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দুই বছর ক্ষমতায় ছিলো।
সুরঞ্জিত বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ অনির্দিষ্টকালে জন্য থাকতে পারে না। তবে যদি একান্তই প্রয়োজন হয় সে ক্ষেত্রে তা সর্বোচ্চ ৩০ দিন বাড়ানোর ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়ার পক্ষে মত এসেছে।
সরকার পুনর্গঠন ও বাতিল রোধে বিধান
বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত বলেন, যদিও রুটিন কাজ করার দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারের দেওয়া রয়েছে, তারপরও দেখা গেছে সংবিধান বহির্ভূতভাবে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা নিয়ন্ত্রণ করার বিষয়ে আলোচনা হয়েছে। এটা নিয়ন্ত্রণের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে।
"একটা তত্ত্বাবধায়ক সরকার করা হলো, আকবর আলী খান সাহেবরা এলেন, আরেকটা করা হলো, তারপর আরো একটা এলো। এরপর দেখা যায়, উনি নিজে না হয়ে আরেকজনের কাছে দেওয়া হলো। বারবার এ ধরনের ঘটনা যাতে জটিলতা সৃষ্টি না করে সে জন্য বাতিল বা পুনর্গঠনের বিষয়টি সুনির্দিষ্টকরণের বিষয়ে আলোচনা হয়েছে", বলেন তিনি।
বয়কট থেকে পরিত্রাণ পাওয়ার প্রস্তাব
সংসদে টানা ৯০ দিন অনুপস্থিত থাকলেই সদস্যপদ খারিজের বিধান সংবিধানে যোগ করার পক্ষেও সংসদীয় কমিটির সদস্যদের মত এসেছে। বর্তমানে ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে সংসদ সদস্যপদ খারিজ হয়।
সুরঞ্জিত বলেন, সংঘাত ও সাংঘর্ষিক রাজনীতি থেকে অসংসদীয় রাজনৈতিক সংস্কৃতি 'বয়কট' এবং লাগাতার বয়কটের পর হাজির হয়ে সংসদ সদস্যপদ রাখার বিষয়টি বন্ধ করার জন্য কমিটিতে আলোচনা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৯৫৫ ঘ.
bdnews24