ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদের ছয় দিনব্যাপী নির্বাচনের প্রথম দিন গড়ে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার ভোট শেষে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সার্বিকভাবে ভালো হয়েছে।"
বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয় বলে জানান তিনি।
মঙ্গলবার সকালে দেশের সাড়ে চার হাজার ইউনিয়নে প্রথম দফার নির্বাচন শুরু হয়।
ইসি সবিচালয়ের পৌর ও পল্লী শাখার তথ্য অনুযায়ী, প্রথমদিন উপকূলীয় ২৪ উপজেলার ১৮৭ ইউনিয়নে নির্বাচন হয়েছে।
বুধবাার চারটি উপজেলার ২৪ ইউনিয়নে, বৃহস্পতিবার ১৫ উপজেলার ১৩১ ইউনিয়নে, শুক্রবার তিন উপজেলার ১৪ ইউনিয়নে, শনিবার ১১ উপজেলার ৮০ ইউনিয়নে এবং শেষ দিন রোববার ১৫ উপজেলার ১৩২ ইউনিয়নে নির্বাচনের কথা রয়েছে।
নির্বাচন কমিশনার সাখাওয়াত বলেন, ইউপি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাঠ পর্যায়ে কাঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। মঙ্গলবার সকালে (সাড়ে ৯টার দিকে) ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে একটি কেন্দ্রে কিছু লোক হামলা করে এবং ভোটারদের ভয়ভীতি দেখায়। আরেকটি এলাকায় জোর করে ব্যালটে সিল মারার চেষ্টা চলে। পটুয়াখালীর দক্ষিণ কনকদিয়ায় সংখ্যালঘু ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে।
"তাৎক্ষণিকভাবে অনিয়মের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভেদুরিয়ায় সদস্য পদের তিন প্রার্থীসহ ছয়জনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পটুয়াখালীতে ভোট দিতে বাধা দেওয়ায় একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।"
সাখাওয়াত বলেন, "কোনো ধরনের অনিয়মের চেষ্টা হলেই প্রশাসন ব্যবস্থা নেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৮৪৫ ঘ.
bdnews24