২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর করফাঁকি মামলার অভিযোগ গঠন ফের পেছালো

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করফাঁকির মামলার অভিযোগ গঠনের শুনানি চতুর্থবারের মতো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 07:34 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করফাঁকির মামলার অভিযোগ গঠনের শুনানি চতুর্থবারের মতো পিছিয়েছে। সাঈদীর আবেদনে মঙ্গলবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজ্জামেল হোসেন আগামী ২৫ এপ্রিল শুনানির নতুন তারিখ ধার্য করেন। মামলাটির কার্যক্রম হাইকোর্টে স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে বলে তার আইনজীবীরা আদালতকে জানান। কিন্তু এ বক্তব্যের সমর্থনে তারা কোনো কাগজ উপস্থাপন না করতে পারলে বিচারক সাঈদীর আইনজীবীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং ওই কাগজ আদালতে দাখিলের জন্য লিখিত প্রতিশ্র"তি চান। এ সময় সাইদীর আইনজীবী মো. আব্দুর রাজ্জাক প্রতিশ্র"তি না দিয়ে অভিযোগ গঠনের জন্য আবারো সময় চান। সময় আবেদনের বিরোধিতা করেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশারফ হোসেন কাজল। এ সময় সাইদীকে আদালতে হাজির করা হয়। এ মামলায় সাইদী হাইকোর্ট থেকে জামিন পেলেও যুদ্ধাপরাধ মামলায় তিনি কারাগারে রয়েছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় জামায়াতের নায়েবে আমির সাঈদীকে গত ৩০ জুন গ্রেপ্তার করা হয়। পরে যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ১৯ অগাস্ট সাঈদীর বিরুদ্ধে মামলাটি করেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার মাসুমা খাতুন। মামলায় অভিযোগ আনা হয়, সাঈদী ২০০২ থেকে ২০১০ পর্যন্ত করবর্ষে সাঈদী ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকার কর ফাঁকি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৩২৭ ঘ.