ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া জিয়াউর রহমান ফাউন্ডেশনকে বাদশাহ ফয়সল ইন্সটিটিউটের আদলে গড়ে তুলতে চান।
রোববার দুপুরে রিয়াদে বাদশা ফয়সল ইন্সটিটিউটের সদরদপ্তরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান যুবরাজ তুর্কি আল ফয়সালের সঙ্গে সাক্ষাতকালে তাকে খালেদা তার এই অভিপ্রায়ের কথা জানান।
রিয়াদ থেকে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ই-মেইলে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।
ওই ই-মেইল বার্তায় বলা হয়, প্রিন্স তুর্কি আল ফয়সালের সঙ্গে বৈঠকে বিরোধী দলীয় নেতা প্রতিষ্ঠানটির নেওয়া বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন। তিনি (খালেদা জিয়া) সৌদি যুবরাজকে বলেছেন, "বাংলাদেশে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ট্রাস্টকে বাদশাহ ফয়সল ইন্সটিটিউটের আদলে গড়ে তোলা হবে।"
এক ঘন্টা ধরে এ বৈঠক চলে।
গত ২০ মার্চ খালেদা জিয়া চিকিৎসার জন্য সৌদি আরব যান। রিয়াদে বাদশা ফয়সল বিন আবদুল আজিজ হাসপাতালে তার পায়ের চিকিৎসা চলছে।
যুবরাজের সঙ্গে বৈঠকে ইন্সটিটিউটের বিভিন্ন কার্যক্রম এবং সৌদি রাজ পরিবারের ইতিবৃত্ত বিশদভাবে তুলে ধরা হয়। যুুবরাজ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করেন বলে প্রেস সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বৈঠক শেষে প্রয়াত বাদশাহ্ ফয়সালের পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। ভোজসভায় রাজ পরিবারের সদস্যদের মধ্যে হাইফা আল-ফয়সাল, আল-বান্দেরিয়া আল ফয়সাল, মাশায়েল বিনতে তুর্কি, হিন্দ বিনতে মোহাম্মদ আল্-ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২১১ ঘ.
bdnews24