ভোলা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোলার সাত থানার ওসিদের রদবদল করা হয়েছে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশে এ বদলি করা হয় বলে কর্তৃৃপক্ষ জানিয়েছে।
ভোলার পুলিশ সুপারিনটেনডেন্ট বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবারের মধ্যেই ওসিরা নতুন কর্মস্থলে যোগদান করবেন।
সদর থানার ওসি মোবাশ্বির আলীকে চরফ্যাশনে, চরফ্যাশনের নাসির উদ্দিন মল্লিককে সদরে, দৌলতখানের মীর খায়রুল কবিরকে বোরহানউদ্দিনে, বোরহানউদ্দিনের শাজাহান শেখকে দৌলতখানে, লালমোহনের দেলোয়ার হোসেন খানকে তজুমদ্দিনে, তজুমদ্দিনের আব্দুর রশিদ ভুইয়াকে মনপুরায় এবং মনপুরার বাবুল আখতারকে লালমোহন থানায় বদলি করা হয়েছে।
চলতি মাসের ২৯ তারিখ সদরের ১০টি, দৌলতখানের ৯টি, ৩১ তারিখ বোরহানউদ্দিনের ৯টি, লালমোহনের ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।
আগামী ২ এপ্রিল তজুমদ্দিনের ৩টি, চরফ্যাশনের ৯ ট এবং মনপুরার ২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৮ ঘ.
bdnews24