ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ কেন ক্ষমতায় যেতে পারেনি তার নিজস্ব ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ভোট পেলেও আওয়ামী লীগ গ্যাস বিক্রি করতে রাজি না হওয়ায় ক্ষমতায় আসতে পারেনি।
"জনগণ আমাদের ভোট দিয়েছিলো। আমরা গ্যাস বিক্রি করতে রাজি হইনি।"
তিনি বলেন, আমেরিকা গ্যাস বিক্রি করবে ভারতের কাছে। আমি বললাম- আমাদের গ্যাস নাই। আমরা বেচতে পারবো না। বিরোধীদলীয় নেতা গ্যাস বেচার মুচলেকা দিয়ে ক্ষতায় আসলেন।
[তৎকালীন] তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের বাসায় সে বৈঠক হয়- এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ওনার [খালেদা জিয়া] সঙ্গে মান্নান ভূঁইয়া ছিলেন। আমার সঙ্গে জিল্লুর রহমান সাহেব ছিলেন। জিমি কার্টারকে যা বলার বলে আসলাম। আর, উনি [খালেদা জিয়া] থেকে গেলেন।
"যা হওয়ার তাই হলো, তিনি ক্ষমতায় এলেন। এরপর, খাদ্যে স্বয়ঃসম্পূর্ণ দেশ খাদ্য ঘাটতির দেশে পরিণত হলো। জঙ্গীবাদ ও সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি হলো। আমি সব কিছু বিকিয়ে দিয়ে ক্ষমতায় যেতে চাইনি।"
সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন ও অষ্টম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
রাত সাড়ে ৯টার দিকে অধিবেশন সমাপ্ত হয়।
সংসদে যোগ দেওয়ার জন্য বিরোধী দলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের বিচারের যে দাবি বিরোধী দল জানিয়ে আসছে তার জবাবে শেখ হাসিনা বলেন, ইয়াজউদ্দিন জিয়া পরিষদ করতেন, ফখরুদ্দিন সাহেবকে আপনারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর করলেন।
"নয়জনকে টপকে মইন উদ্দিনকে সেনা প্রধান করলেন। আমরা তাদের আনিনি। আমরা তাদের সৃষ্টি করিনি। দহরম মহরম করিনি। দরকার হলে আপনারা মামলা করেন।"
'খুন-র্ধষণের মামলা আমরা প্রত্যাহার করা যায় না'
শুধু সরকারি দলের নেতাদের মামলা প্রত্যাহার হচ্ছে, বিরোধীদলের মামলা প্রত্যাহার হচ্ছে না- বিরোধীদলের এই অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "আমরা মামলা প্রত্যাহার করেছি। মওদুদ সাহেবের বাসায় যে মদ পাওয়া গেছে- সে মামলা প্রত্যাহার করা হয়েছে। তারেক রহমানের চাঁদাবাজির মামলা প্রত্যাহার করা হয়েছে। খুন, ধর্ষণ, লুটপাটের মামলা তো আমরা প্রত্যাহার করতে পারি না।"
কর্নেল তাহেরের ফাঁসির বিষয়ে দেওয়া উচ্চ আদালতের রায় প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কোর্ট বলেছে- জিয়াউর রহমানের পরিকল্পনায়। মওদুদ সাহেব একটা বই লিখেছেন ৯৫ সালে। তখন তো বিএনপি না, জাতীয় পার্টি করতেন?
"মওদুদ সাহেব জিজ্ঞেস করেছিলেন জিয়াকে- কেন তাহেরকে ফাঁসি দেওয়া হলো? জিয়া তখন বলেছিলেন- তাহেরকে হত্যা করা ছাড়া উপায় ছিলো না। কারণ, আর্মির প্রেসার ছিলো। কোনো উপায় ছিলো না।"
মওদুদ আহমেদকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আংটি তুমি কার? যার আঙ্গুলে তার।
ট্রানজিট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি আমাদের সময় না। জিয়াউর রহমানের সময়, ৭৮ সালে। পরবর্তীতে বিএনপি সরকার তা নবয়ান (রিনিউ) করে। তখন বিএনপি'র মন্ত্রী ছিলেন, তানভীর আহমেদ সিদ্দিকী আর ভারতের দিকে ছিলেন প্রণব মুখার্জি।
ট্রানজিট বিষয়ে বিরোধীদলের অবস্থানকে 'রাজনৈতিক স্টান্টবাজি' হিসাবে অভিহিত করে প্রধানমন্ত্রী।
'শালীনতা বজায় রাখুন'
বিরোধী দলের সংরক্ষিত নারী আসনের সাংসদদের উদ্দেশ্যে বলেন, অন্তত নারী হিসাবে যাই হোন না কেন, শালীনতা বজায় রাখবেন।
স্পিকারকে ধন্যবাদ জানিয়ে হাসিনা বলেন, আপনি অনেক ধৈর্য্য নিয়ে সংসদ পরিচালনা করেছেন। আপনি যে কোনো সময় সার্জেন্ট অ্যাট আর্মস ডাকতে পারেন। দরকার হলে যে কাউকে এক্সপেল করতে পারেন।
এর আগে, স্বাধীনতার ঘোষক প্রসঙ্গে মওদুদ আহমদেকে জ্ঞানপাপী উল্লেখ করে তৈাফায়েল আহমদ বলেন, আপনি জিয়াউর রহমানের গলা শুনেছিলেন, হান্নান সাহেবের গলা শোনেননি।
মওদুদকে উদ্দেশ্য করে তোফায়েল বলেন, ৯০ এর ৬ ডিসেম্বরের কথা মনে আছে। আপনি টেলিভিশনে বোঝাচ্ছিলেন- কী ভাবে ক্ষমতা হস্তান্তর করতে হয়। আর, এদিকে, এরশাদ সাহেব পদত্যাগ করে ফেলেছেন।
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী রাষ্ট্রপতিকে তার ভাষণের জন্য ধন্যবাদ জানান।
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানান জাতীয় সংসদ উপনেতা।
"যুদ্ধাপরাধীদের বিচার কোনো না কোনোভাবে বিলম্বিত হচ্ছে। কেন হচ্ছে তা ভেবে দেখা দরকার। অনতিবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে হবে।"
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তথ্য তুলে ধরে সাজেদা বলেন, ২০১৩ সালের দেশ লোডশেডিং মুক্ত হবে।
'ওনার সাম্প্রদায়িক সংবিধান নাই'
বঙ্গবন্ধু যুদ্ধপরাধীদের ক্ষমা করে দিয়েছেন। তাদের বিচার করলে বঙ্গবন্ধুকে অপমান করা হবে- বিএনপি সাংসদ জমিরউদ্দিন সরকারের এ বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ওনার মতিভ্রম হয়েছে।
"মতিভ্রম হবে না কেন? উনি ৩৬ লাখ টাকার ওষুধ খেয়েছেন। ওনার নেত্রী বলেছেন, আন্তর্জাতিক ট্রাইবুনাল মানসম্মত হয়নি। আর, উনি বললেন- বঙ্গবন্ধু সকলকে ক্ষমা করে দিয়ে গেছেন।"
খালেদা জিয়ার সমালোচনা করে সুরঞ্জিত বলেন, দীর্ঘ বিরতির পর খালেদা জিয়া আসলেন। আসলেন ঝড়ের বেগে, চলে গেলেন উল্কার বেড়ে। উনি প্রতি ১১ মাসে একবার করে আসবেন। এটা চলে না। চলতে পারে না।
দেশে সাংবিধানিক সংকট চলছে- খালেদা জিয়ার এই বক্তব্যের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, তাহলে আপনি কোথায় আসলেন ? সামরিক আইনের সংবিধান নাই। সামরিক অধ্যাদেশের সংবিধান নেই। এখন সংবিধানে জিয়াউর রহমান নাই, মোশতাক নাই, সায়েম সাহেব নাই। ওনার সাম্প্রদায়িক সংবিধান নাই। যেই সংবিধান নিয়ে যুদ্ধ করেছিলাম- সে সংবিধান আছে।"
সুরঞ্জিত বলেন, জিয়াউর রহমান একজন সেক্টার কমান্ডার ছিলেন। আর, আমি একজন সাব সেক্টর কমান্ডার ছিলেন। আমি ও তিনি দু'জনই সরকারের কাছ থেকে ১৫০ টাকা বেতন পেতাম।
বিরোধী দলের উদ্দেশে সুরঞ্জিত বলেন, পঞ্চম সংশোধনী আপনাদের সময় অবৈধ করেছে হাইকোর্ট। আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল রাখেন তোফাজ্জল সাহেব। সে কে? আপনারই তাকে বিচারপতি বানিয়েছিলেন।
এর আগে চিফ হুইপ আব্দুস শহীদ বলেন, বিরোধী দল বলে- তারা সংসদে কথা বলতে পারে না। আপনারা বিদেশি অ্যাম্বেসিতে ধর্না দেন। আপনাদের নেত্রী ১৫ মার্চ এই অধিবেশনে যোগ দিয়ে এক ঘণ্টা ৭ মিনিট বক্তব্য রাখেন।
চিফ হুইপ কিছু পরিসংখ্যান তুলে ধরেন- প্রথম অধিবেশনে বিরোধী দলের ছয়জন সাংসদ পয়েন্ট অব অর্ডারে ২৫ বার একশ ৭৬ মিনিট বক্তব্য রাখেন। অন্যদিকে, সরকারি দলের ৪৪ জন সাংসদ ৬৪ বার পয়েন্ট অব অর্ডারে একশ ৫৮ মিনিট বক্তব্য রাখেন।
চতুর্থ অধিবেশনে বিরোধী দলের ১২ জন সাংসদ ২৮ বার পয়েন্ট অব অর্ডারে দুশ ২৯ মিনিট বক্তব্য রাখেন। সরকারি দলের ২০ জন সাংসদ একই সময়ে ৫০ বার পয়েন্ট অব অর্ডারে দুশ ১০ মিনিট বক্তব্য রাখেন।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আরো বক্তব্য দেন সরকারি দলের মোহাম্মদ আমানুল্লাহ এবং বিরোধী দলের মওদুদ আহমেদ, জমিরউদ্দিন সরকার, এইচ এম হামিদুর রহমান আযাদ, নাজিম উদ্দিন আলম ও মুজিবুর রহমান সারোয়ার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২৩৯ ঘ.
bdnews24