ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্নেল তাহেরের গোপন বিচারকে অবৈধ ঘোষণা করে দেওয়া রায়কে স্মরণীয় করে রাখতে ২২ মার্চ 'ন্যায়বিচার দিবস' ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
বুধবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি হাসানুল হক ইনু এ দাবি জানান।
বুধবার হাইকোর্টের ওই রায়ের পর জাসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জাসদ। কর্নেল তাহের দলটির সহ-সভাপতি ছিলেন।
সংবাদ সম্মেলনে ইনু বলেন, "ঐতিহাসিক ওই রায়কে স্মরণীয় করে রাখতে ২২ মার্চ 'ন্যায় বিচার দিবস' ঘোষণার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি আমরা।"
হাইকোর্টের রায়ের মাধ্যমে 'ঐতিহাসিক সত্য' পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পরও বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল ও কয়েকজন ব্যক্তি অশালীন, আক্রোশমূলক ও বেসামাল বক্তব্য দিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
ইনু বলেন, "এর মাধ্যমে তারা ন্যায় বিচার ও আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন।"
জাসদ সভাপতি অভিযোগ করেন, জিয়ার রাজনৈতিক হিংসার শিকার হয়ে জাসদ সেই সময়ে এতোটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে, আজো তা কাটিয়ে ওঠা যায়নি।
হাইকোর্টের রায়ের আলোকে অবিলম্বে ঢাকার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও একটি সড়কের নাম কর্নেল তাহেরের নামে করার ঘোষণা, তাহেরসহ সেই গোপন বিচারে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়ার সম্পৃক্ততা খতিয়ে দেখতে একটি কমিটি গঠনের দাবি জানান ইনু।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, তাহেরের স্ত্রী লুৎফা তাহেরসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২০৫০ ঘ.
bdnews24