২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রাজধানীতে পৌনে তিন লাখ অতিরিক্ত গাড়ি'

যোগযোগমন্ত্রী জানিয়েছেন, রাজধানীতে রাস্তার আয়তনের তুলনায় দুই লাখ ৮৪ হাজার যানবাহন বেশি চলাচল করছে। রাস্তায় প্রতিদিন নতুন করে নামছে দুশ ৩০টি গাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগযোগমন্ত্রী জানিয়েছেন, রাজধানীতে রাস্তার আয়তনের তুলনায় দুই লাখ ৮৪ হাজার যানবাহন বেশি চলাচল করছে। রাস্তায় প্রতিদিন নতুন করে নামছে দুশ ৩০টি গাড়ি। মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ তথ্য জানান। নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর লিখিত প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, ঢাকার রাস্তায় পুরনো গাড়ির সঙ্গে নতুন গাড়ি যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো সীমা আরোপ করা হয়নি। তবে ঢাকা মহানগরীর যানজট নিরসনের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার ছোট গাড়ি নিয়ন্ত্রণে কিছু সিদ্ধান্ত নিয়েছে। আবুল হোসেন বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যে কোনো শহরের মোট আয়তনের ২৫ শতাংশ যানবাহন চলাচলের জন্য রাস্তা থাকা আবশ্যক। ঢাকা শহরের মোট আয়তন ৮১৫.৮৫ বর্গ কিলোমিটার। মানদণ্ড অনুযায়ী ২০৪ কিলোমিটার রাস্তার প্রয়োজন হলেও ঢাকা শহরে প্রধান রাস্তার পরিমাণ ৮৮ কিলোমিটার। "বর্তমানে ৮৮ কিলোমিটার রাস্তায় প্রায় ৫ লাখ যানবাহন চলাচল করছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রধান রাস্তাগুলোতে ২ লাখ ১৬ হাজার যানবাহন চলাচল করতে পারে।" নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৯ সালের ৩ অগাস্ট থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গত মার্চ পর্যন্ত রাজধানীতে ১২ হাজার ৮৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা করে এক কোটি ৮৬ লাখ ৬৫ হাজার ৮শ' জরিমানা আদায় হয়েছে। ১৮৬ জন আসামিকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আটক করে ডাম্পিং স্টেশনে পাঠানো হয় ৫৮৩টি যানবাহন। দুই লেনে রেললাইন আমেনা আহমেদের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী আবুল হোসেন জানান, বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান প্রধান প্রধান রেলওয়ে করিডোরগুলো পর্যায়ক্রমে ডাবল লাইনে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম সেকশনটি ডাবল লাইনে উন্নীত করার লক্ষ্যে টঙ্গী-ভৈরববাজার, লাকসাম-চিনকি আস্তানা ও আখাউড়া-লাকসাম সেকশনে ডাবল লাইন নির্মাণ এবং দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস সেতু নির্মাণে প্রকল্প নেওয়া হয়েছে। আগামী অর্থ বছরে এ প্রকল্পগুলোর ভৌত কাজ আরম্ভ হবে বলে আশা করেন তিনি। আগামী অর্থ বছরে ঢাকা-সিলেট, ঢাকা-পার্বতীপুর এবং ঢাকা-খুলনা রেলওয়ে করিডোরগুলো ডাবল লাইনে উন্নীত করার সম্ভব্যতা পরিচালনার লক্ষ্যে সমীক্ষা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদের প্রশ্নের জবাবে আবুল হোসেন জানান, বর্তমানে ২৮৩৫ কিলোমিটার রেলপথ চালু আছে এবং ৩৩৭ কিলোমিটার রেলপথ বন্ধ রয়েছে। পাট রপ্তানিতে আয় ১১৩০ কোটি টাকা নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জানান, গত অর্থ বছরে দেশে মোট ১০৭০.১ লাখ টন পাট উৎপন্ন হয়েছে। উৎপাদিত পাটের মধ্যে ২৭৭.৮৩ মেট্রিক টন পাট রপ্তানি করা হয়েছে। রপ্তানি বাবদ দেশ ১১৩০.৮৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। সংসদ সদস্য সামাদ চৌধুরীর প্রশ্নের পাটমন্ত্রী জানান, চলতি অর্থ বছরে গত ডিসেম্বর পর্যন্ত পাটজাত সামগ্রী রপ্তানি করে ১৮১৭.২২ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে লতিফ সিদ্দিকী জানান, বাংলাদেশ টেক্সটাইল মিল্স কর্পোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন বর্তমানে ১৮টি মিলের মধ্যে আটটি মিল সার্ভিস চার্জ পার্টির মাধ্যমে সচল হয়েছে। অপর ১০টি মিলে সার্ভিস চার্জ পার্টি না পাওয়ায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকালে অধিবেশনের দিনের কার্যসূচি শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/পিডি/১৮০০ ঘ.