২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় বিএনপি কর্মী নিহত

জমিজমা নিয়ে বিরোধের জেরে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বোমা হামলায় এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। আহত হন অন্তত নয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

মেহেরপুর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমিজমা নিয়ে বিরোধের জেরে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বোমা হামলায় এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। আহত হন অন্তত নয়জন। সোমবার সন্ধ্যায় বাগোয়ান বাজারে এই হামলায় নিহত বেনা খাঁ (৩৫) বাগোয়ান গ্রামের ইব্রাহিম খাঁ'র ছেলে। তিনি স্থানীয় বিএনপি কর্মী বলে পরিবারের লোকজন জানান। আহতদের মধ্যে বিএনপি কর্মী সুরুজ আলী (৪১), সুজন (২৮) ও আরমানকে (৩২) মুজিবনগর ও চুয়াডাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় বিএনপি নেতারা এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে মিছিল করেছে। এলাকয় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয় বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষ্যদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনা খাঁসহ ৭/৮ জন বিএনপিকর্মী মুজিবনগর থানার অদূরে বসে চা খাচ্ছিলেন। ওই সময় রশিকপুর গ্রামের ৮/১০ জন আওয়ামীগ কর্মী তাদের ওপর বোমা হামলা করে। বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলে বেনার মৃত্যু হয়। নিহতের বাবা ইব্রাহিম খাঁ বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা কুদ্দুস ও তার লোকজনের সঙ্গে তাদের বিরোধ চলছে। এর জেরে গত বছর কুদ্দুস বাহিনীর হাতে তার ভাই কাবির খাঁ খুন হন। এই খুনের মামলাটি প্রত্যাহারের জন্য আসামিরা বিভিন্নভাবে চাপ ও হুমকি দিয়ে আসছিল। এই ঘটনার জন্য তিনি কুদ্দুস, জয়নাল ও মুহিত দায়ী করেন। মুজিবনগর থানার ওসি জাফর আলী বলেন, রাজনৈতিক বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দু'টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে কুদ্দুস ও তার লোকজন পলাতক বলে পুলিশ কর্মকর্তা জানান। উপজেলা বিএনপি সভাপতি আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়ভাবে বিএনপির রাজনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড হয়েছে। তবে এর সঙ্গে আওয়ামী লীগ জড়িত নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৬ ঘ.