২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন থাকবে ৩ দিন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট তিন দিন পুলিশ, বিজিবি, র‌্যাব ও কোস্ট গার্ড সদস্যরা নিয়োজিত থাকবে। এ সময় টহলে থাকবে নির্বাহী হাকিমের নেতৃত্বে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 05:10 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট তিন দিন পুলিশ, বিজিবি, র‌্যাব ও কোস্ট গার্ড সদস্যরা নিয়োজিত থাকবে। এ সময় টহলে থাকবে নির্বাহী হাকিমের নেতৃত্বে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স। ইউপি নির্বাচন উপলক্ষে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। আগামী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল প্রথম পর্বে দেশের ৫৭১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে। উপজেলাভিত্তিক ভোটের দিনক্ষণ স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (পৌর ও পল্লী) মো. আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েনের বিষয়ে ভেটিং দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিপত্র জারি করেছে। ওই নির্দেশনা অনুযায়ী কয়েকদিনের মধ্যে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হবে। জেলা প্রসাশক, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের সমন্বয়ে আইন-শৃঙ্খলার সমন্বয় করা হবে বলে ইসি কর্মকর্তা জানান। "পুলিশ, আনসার, ব্যাটালিয়ন আনসার ও ভিডিপি নিয়ে প্রতিটি ভোটকেন্দ্রে ২০ জন করে নিরাপত্তা সদস্য নিয়োজিত থাকবেন। প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তার চাহিদা অনুযায়ী এ সংখ্যা বাড়ানো যাবে।" ২০০৩ সালের ইউপি নির্বাচনে প্রতি ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫ জন করে সদস্য মোতায়েন করা হয়। এবারই এ সংখ্যা বাড়িয়ে ২০ জন করা হলো। সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে ২৪ থেকে ২৫ জন সদস্য মোতায়েন রাখা হয়। বৈধ অস্ত্র জমাদান তফসিল ঘোষিত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর পাশাপাশি নির্বাচন শেষ না হওয়া বৈধ অস্ত্র থানায় জমা রাখার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে কমিশন। গত ১৪ মার্চ ইসি সচিবালয়ের উপ সচিব (পৌর ও পল্লী) সৈয়দ খুরশীদ আনোয়ার এ বিষয়ে নির্দেশনা চেয়ে স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটের আগের দিন থেকে ভোটের পরদিন পর্যন্ত ৩ দিন অবস্থান করবে। গত ২৪ ফেব্র"য়ারি দেশের উপকূলীয় অঞ্চলের ৫৯৬ ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। এরই মধ্যে আদালতের আদেশ, ভোটার তালিকা প্রণয়ন ও নদী ভাঙনের কারণে সীমানা জটিলতায় কিছু ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়ে যায়। আগামী মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের মধ্যে দ্বিতীয় পর্বের নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২৩০২ ঘ.