২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে হামলায় ছাত্রদল নেতা আহত

কুড়িগ্রাম সরকারি কলেজে শনিবার দুপুরে হামলায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রানা আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 06:03 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

কুড়িগ্রাম, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম সরকারি কলেজে শনিবার দুপুরে হামলায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রানা আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুড়িগ্রাম সদর হাসপাতালের মূল ফটকের পাশে সরকারি জমির দখল নিয়ে শুক্রবার থেকে কয়েক দফা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এর জেরে শনিবার এ হামলা হয়। আতিকুর রহমান রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে ছাত্রদলকর্মী মামুনসহ তিনি কলেজে যান। কলেজে ঢোকার পরই ছাত্রলীগের ১০/১২ জন সমর্থক রামদা, হকিস্টিক ও লাঠি নিয়ে তার উপর হামলা চালায়। সদর থানার ওসি মো. ময়নুল হক বলেন, হামলার ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। দু'দিনে হামলা ও সংর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে পাঁজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে হাসপাতাল এলাকার জায়গাটি নিয়ে দুই'দলের সংঘর্ষে ১০ জন আহত হয়। এর জেরে বিকালে ওই এলাকায় তিনটি দোকান ভাংচুর হয়। একইদিন সন্ধ্যায় দাদা মোড়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। রাত সোয়া ৮টার দিকে দুর্বৃত্তরা জেলা বিএনপি অফিসে দরজা-জানালা, আসবাবপত্র ও টেলিভিশন ভাংচুর করে। ওই সময় অফিসে জেলা জাতীয়তাবাদী হিন্দু কল্যাণ পরিষদের আহ্বায়ক দ্বিজেন্দ্র নাথ সাহাকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে। জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ ও হাসিবুর রহমান হাসিব এ ঘটনার জন্য ছাত্রলীগতে দায়ী করেন। তারা পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তারও অভিযোগ করেন। এদিকে আহত দ্বিজেন্দ্র নাথ সাহাকে শনিবার সদর হাসপাতাল থেকে ঢাকায় পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা ছাত্রলীগ সভাপতি মিনহাজুল আবেদীন আইয়ুব দাবি করেন, কলেজ ক্যাম্পাসে হামলার ঘটনায় ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.