ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে বিএনপির পাঁচ দিনের শোক কর্মসূচি শুরু হয়েছে। সারাদেশে দলীয় কার্যালয়ে তোলা হয়েছে কালো পতাকা।
দেলোয়ার বুধবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
দেলোয়ারের মরদেহ বৃহস্পতিবার বিকালে ঢাকায় আসার কথা রয়েছে। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ছাড়াও তার বেশ কয়েকটি জানাজা হবে।
পূবঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করা হয়, ওড়ানো হয় কালো পতাকা।
বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসচিবের মৃত্যুতে সারাদেশে শোক পালন করা হচ্ছে।
এদিকে সিঙ্গাপুরে অবস্থানরত খোন্দকার দেলোয়ারের মেয়ে দেলোয়ারা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবার কফিন হাসপাতালের মরচুয়ারিতে রয়েছে। দুপুরে বিমানবন্দরে নেওয়া হবে।"
বিএনপি নেতারা জানান, ঢাকায় আনার পর মহাসচিবের কফিন সরাসরি নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে নেওয়া হবে। সেখানে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ফুল দিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাবেন।
বিএনপি কার্যালয় থেকে দেলোয়ারের মরদেহ নেওয়া হবে পুরনো ঢাকার আরমানিটোলায় তার বাসায়। সেখানে বাদ এশা তার প্রথম জানাজা হবে। এরপর কফিন বারডেমের হিমঘরে রাখা হবে।
সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য শুক্রবার সকালে দেলোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদ মিনারে শ্রদ্ধার পর কফিন নেওয়া হবে হাইকোর্টে। সেখানে জানাজার পর বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে একটি জানাজা হবে।
বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে জানাজার পর কফিন নিয়ে যাওয়া হবে দেলোয়ারের পৈত্রিক বাড়ি মানিকগঞ্জের ঘিওরের পাচুরিয়ায়। সেখানে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
দীর্ঘদিন বিএনপির সঙ্গে যুক্ত দেলোয়ারের রাজনৈতিক জীবনের শুরু ন্যাশনাল আওয়ামী পার্টির মাধ্যমে।
অর্থনীতিতে
bdnews24