২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে শুক্রবার

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মরদেহ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রাখা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মরদেহ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রাখা হবে। সকাল ৯টায় দেলোয়ারের মরদেহ সেখানে নিয়ে যাওয়া হবে। দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। দেলোয়ারের মরদেহ সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার বিকালে ঢাকা এসে পৌঁছাবে। আবদুল লতিফ জানান, প্রয়াত বিএনপি মহাসচিবকে শুক্রবার মানিকগঞ্জে তার গ্রামের বাড়ি খিরাই পাচুরিয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। বৃহস্পতিবার প্রথম নামাজে জানাজা হবে বাদ এশা আরমানিটোলায় দেলোয়ারের বাসভবন সংলগ্ন মাঠে। পরদিন শুক্রবার সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হতে তৃতীয় জানাজা। আসরের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চতুর্থ জানাজার পর সড়ক পথে মরদেহ মানিকগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানেই সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান বিএনপির সহ দপ্তর সম্পাদক। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দেলোয়ার মারা যান। ৪ মার্চ ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। তার বয়স হয়েছিলো ৭৮ বছর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১১০ ঘ.