ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
খোন্দকার দেলোয়ার চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে সিঙ্গাপুরে মারা যান। তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
বুধবার এক শোকবার্তায় খালেদা বলেন, ''খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক রাজনীতির অপূরণীয় ক্ষতি হলো। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।''
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও তার একজন ঘনিষ্ট সহকর্মী হিসেবে খোন্দকার দেলোয়ারের কথা স্মরণ করে বিএনপি চেয়ারপারসন বলেন, রাজনৈতিক অঙ্গনে তার অবদান অবিস্মরণীয়। ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বৈরশাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ হয়ে আছে।
সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জরুরি অবস্থা জারির সময় খোন্দকার দেলোয়ারের ভূমিকা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন খালেদা।
এ প্রসঙ্গে তিনি বলেন, জরুরি অবস্থার সময় গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শের বিরুদ্ধে অসাংবিধানিক সরকারের আক্রমণ মোকাবেলায় তিনি (দেলোয়ার) যে অসমসাহসী ভূমিকা পালন করেছেন, তা কোনোদিন ভোলার নয়।
'"আমি বন্দি অবস্থায় তার ওপর অর্পিত দলীয় মহাসচিবের দায়িত্ব তিনি অপরিসীম সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে বিএনপির ঐক্য, সংহতি ও পতাকাকে যেভাবে সমুন্নত রেখেছেন, তার জন্য আমাদের সবার অকুন্ঠ প্রশংসা তার পাপ্য", বলেন বিএনপি চেয়ারপারসন।
তিনি প্রয়াত বিএনপি মহাসচিবের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পবিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা প্রমুখ নেতারা পৃথক ব্বিৃতিতে খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
তারা দলের প্রয়াত মহাসচিবের আত্মার মাগফেরাত কামনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯০৫ ঘ.
bdnews24