২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসচিবের মৃত্যুতে বিএনপির ৫ দিনের শোক

দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে পাঁচ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে পাঁচ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- ১৭ মার্চ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, ১৮ মার্চ বাদজুমা দেশব্যাপী মসজিদ-মন্দির-প্যাগোডা-গীর্জায় দোয়া ও প্রার্থনা, ১৯ মার্চ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী কোরআন খানি, ২০ মার্চ শোকসভা এবং ২১ মার্চ মরহুমের কবরে পুস্পমাল্য অর্পণ ও মিলাদ মাহফিল। এছাড়া ১৭ থেকে ২১ মার্চ সারাদেশে বিএনপি নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। মহাসচিবের স্মরণে গুলশানে চেয়ারপারসনের কার্যালয় ও নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার থেকে শোক বই খোলা হবে। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান খোন্দকার দেলোয়ার। ৪ মার্চ ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ, আসাদুল করিম শাহিন, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/১৮২৩ ঘ.