মানিকগঞ্জ, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা পৌনে ৩টায় মারা যান তিনি।
জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসচিবের মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে বিকেলেই জেলার সব স্তরের নেতা-কর্মীরা কালো ব্যাচ ধারণ করে। এছাড়া জেলা কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।
বিকেলে শহরের রফিক সড়কে বিএনপি জেলা কার্যালয়ে গিয়ে দেখা যায় শত শত নেতা-কর্মী সেখানে জড়ো হয়েছেন। এদিকে দেলোয়ারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে মানিকগঞ্জ শহরের অধিকাংশ বিপণি বিতান বন্ধ হয়ে যায়।
জেলা বিএনপি নেতা আজাদ হোসেন খান জানান, তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে কোরানখানি, মিলাদ মাহফিল, দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৮০৯ ঘ.
bdnews24