ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার বিষয়ে দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকায় তাকে আটক রাখার নির্দেশ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সাঈদী বিষয়ক তদন্ত প্রতিবেদন আগামী ২০ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয়েছে। সেদিন তাকেও হাজির করতে হবে।
এছাড়া যুদ্ধাপরাধের অভিযোগের মুখে থাকা জামায়াতে ইসলামীর চার নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লাকেও সে দিন ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।
পাশাপাশি কারাগারে থাকা অবস্থায় সাঈদীর চিকিৎসার ব্যবস্থা নিতেও ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার সাঈদীর উপস্থিতিতে ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী কেস ডকুমেন্ট (সিডি) উপস্থাপন করেন। একই সঙ্গে তদন্তের জন্য আরো সময় চেয়ে আবেদন করেন।
আবেদনের শুনানিতে তিনি বলেন, একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনার পরিধি বিশাল। সারাদেশে এই ঘটনা ঘটেছে। ওই অপরাধের সাক্ষ্য-প্রমাণ হিসেবে স্থির চিত্র, ভিডিও চিত্র, পত্র-পত্রিকা, বইসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।
এসব যাচাই-বাছাই করতে সময় লাগবে। তাছাড়া দীর্ঘ দিন আগের ঘটনা হওয়ার কারণে সাক্ষীদের অনেকেই তাদের বাসস্থান বা অবস্থা পরিবর্তন করেছেন। তাদের খুঁজে বের করতেও সময় প্রয়োজন, বলেন তিনি।
সাঈদী মুক্তি পেলে সাক্ষীদের হুমকি, আলামত নষ্ট এবং দেশ থেকে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে তাকে আটক রাখার পক্ষে যুক্তি দেখায় প্রসিকিউশন বিভাগ।
এর জবাবে সাঈদীর আইনজীবী এম তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষ বারবার সময় নিয়ে আসামিকে কারাগারে আটক রাখতে চাইছেন। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো ব্যক্তিকে আটক রাখা সংবিধান এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি।
"তাছাড়া এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষ এমন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি, যাতে আসামিকে আটক রাখা যায়। বরং তারা তদন্তে অগ্রগতির নামে একই প্রতিবেদন বারবার উপস্থাপন করছেন", বলেন তিনি।
অসুস্থতার কথা তুলে ধরে শর্ত সাপেক্ষে সাঈদীর জামিন চান আইনজীবী।
প্রসিকিউশন বিভাগের নথিপত্র পর্যালোচনা করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. নিজামুল হক বলেন, "আর কত সময় নেবেন। আমাদের মনে হচ্ছে, আপনারা অনেক সময় নিয়ে ফেলেছেন। এত সময় লাগার কথা নয়।"
শুনানির এক পর্যায়ে ট্রাইব্যুনাল প্রসিকিউশন বিভাগের উদ্দেশে বলেন, "আমরা আপনাদের ঘুম থেকে জাগাচ্ছি। মনে হচ্ছে, আপনারা ঘুমাচ্ছেন।"
জবাবে হায়দার আলী বলেন, "না, আমরা জেগে আছি। ভালোভাবেই জেগে আছি। শুধু তাই নয়, কাজও করে যাচ্ছি।"
শুনানি শেষে ট্রাইব্যুনাল সাঈদীর জামিন আবেদন নাকচ করে আগামী ২০ এপ্রিল তাকে হাজির করার অদেশ দেয়। একই সঙ্গে ওই তারিখের মধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন অথবা তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলে।
জামায়াতের অন্য চার নেতার বিষয়েও একই আদেশ দেয় ট্রাইব্যুনাল।
চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাঈদীর স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসার জন্যও ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয় আদালত।
কারাগার থেকে সাঈদীকে মঙ্গলবার সকাল ১০টার পুরান হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৫০০ ঘ.
bdnews24