২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মানবো না: খালেদা

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেছেন, মহাজোট সরকার 'আদালতের ঘাড়ে বন্দুক রেখে' তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 05:34 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেছেন, মহাজোট সরকার 'আদালতের ঘাড়ে বন্দুক রেখে' তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে চায়। তিনি বলেন "আমরা বলে দিতে চাই- এটা আমরা মানবো না। আদালত যেন বুঝে-শুনে রায় দেন।'' সেইসঙ্গে আগামী নির্বাচনে 'ইলেট্রনিক ভোটিং' পদ্ধতি চালুরও বিরোধিতা করেন খালেদা। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণতান্ত্রিক আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফিরোজ রহমান মোল্লার নেতৃত্বে ৭৯ জন আইনজীবীর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে যোগদান অনুষ্ঠানে খালেদা এসব কথা বলেন। সাবেক এই প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, দেশে কোনো আইনের শাসন নেই। গণতন্ত্র নেই। সাংবিধানিক শূন্যতা রিরাজ করছে। তিনি দাবি করেন, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টসহ বিচার বিভাগকে এমনভাবে দলীয়করণ করা হয়েছে যে, ন্যায় বিচার প্রাপ্তি বন্ধ হয়ে গেছে। এ প্রসঙ্গে খালেদা নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের বিষয়টি উল্লেখ করেন। বিএনপি চেয়ারপারসন আরো অভিযোগ করেন, দেশে এক ব্যক্তির শাসন চলছে। সংসদের স্পিকার কিংবা জনপ্রশাসন সবকিছুই এক ব্যক্তির কথায় চলে। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিও স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে আন্দোলনে নামার আহবানও জানান তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে বিজয়ের জন্য সব আইনজীবীকে এক হয়ে কাজ করার অনুরোধও জানান খালেদা জিয়া। অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি টি এইচ খান, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম মিয়া, যোগদানকারী নেতা ফিরোজ রহমান মোল্লা, রফিকুল ইসলাম মেহেদী, হুমায়ুন কবির মঞ্জু, আমাতুন নূর পান্নাসহ কয়েকজন আইনজীবী বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বিএনপি নেতা মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, শাহজাহান ওমর, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, জয়নুল আবেদিন, নিতাই রায় চৌধুরী, মাহবুবউদ্দিন খোকন, বদরুদ্দৌজা বাদল, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩২৫ ঘ.