২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবিরহাট পৌরসভার স্থগিত কেন্দ্রে ভোট

নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 05:17 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

নোয়াখালী, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রে বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়; তা চলবে বিকাল ৪টা পর্যন্ত। গত ১৮ জানুয়ারি গোলযোগের কারণে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের এ কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে সেদিন অন্য আটটি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়। সরকারি কলেজ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১ হাজার ৩৩০ জন। অন্য আট কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী জহিরুল হক রায়হান (দেয়াল ঘড়ি) ১৪৮ ভোটে এগিয়ে রয়েছেন। রায়হান পেয়েছেন ৩ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ফখরুল ইসলাম দুলাল (আনারস) পেয়েছেন ৩ হাজার ৫৯৪ ভোট। বুধবার সকালে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ এবং কোনো ধরনের অনিয়মের তাৎক্ষণিক বিচার করতে এক জন নির্বাহী হাকিম দায়িত্ব পালন করছেন। নোয়াখালীর পুলিশ সুপার হারুনুর রশীদ হাযারী জানান, ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য ৭৪ জন পুলিশ সদস্য এবং নারী ও পুরুষ মিলিয়ে ১২ জন আনসার ও বিডিপি সদস্য রয়েছেন। এছাড়া র‌্যাবের একটি দল টহলে রয়েছে। গত ১৮ জানুয়ারি পৌরসভা নির্বাচন চলাকালে দুপুর ২টার দিকে এ কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই হলে ভোটগ্রহণ স্থগিত হয়। এরপর রিটার্নিং কর্মকর্তা মোট নয়টি ভোটকেন্দ্রের মধ্যে ওই কেন্দ্রটি ছাড়া বাকি আটটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। দুই মেয়রপ্রার্থীর ভোটের ব্যবধান কেন্দ্রের মোট ভোটের চেয়ে কম হওয়ায় ওই পদে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। একইভাবে ১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ফলাফলও আসবে বুধবারের ভোটের মাধ্যমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১১ ঘ.