চট্টগ্রাম, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মুক্তি দাবি করা পোস্টার ও স্টিকারসহ চট্টগ্রাম নগরী থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাহমুদুল হাসান নিজামী (৪২) নামে ওই ব্যক্তিতে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে আন্দরকিল্লা আল জামেয়া মার্কেটের আল গণি মিশরী নামে একটি দাওয়খানা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি নিজেকে একজন কবি বলে পুলিশকে জানিয়েছেন।
গ্রেপ্তার মাহমুদুল সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। তিনি ওই দাওয়াখানাটির মালিক। নিজামী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফ্রিডম কাউন্সিল নামক একটি সংগঠনের যুগ্ম আহ্বায়ক।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে বিদেশি পর্যটক ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণের জন্য এসব পোস্টার ইংরেজিতে ছাপা হয়। মঙ্গল ও বুধবার রাতে পোস্টার ও স্টিকারগুলো নগরীর বিভিন্ন স্থানে লাগানোর জন্য রাখা হয়েছিল।
পোস্টারে সাকা চৌধুরীর ছবিতে রক্ত লাগিয়ে ইংরেজিতে 'সালাউদ্দিন কাদের চৌধুরী, আমরা তোমাকে ভুলিনি, লাখো জনতা তোমার মুক্তির অপেক্ষা করছে' লেখা ছিল বলে তিনি জানান।
এ ছাড়া ট্রানজিট প্রদান ও গ্যাস বিক্রির বিরুদ্ধে কথা বলায় ভারতের ষড়যন্ত্রে তাকে গ্রেপ্তার করার কথাও পোস্টারে উল্লেখ ছিল।
সালাউদ্দিন কাদের চৌধুরী ফ্রিডম কাউন্সিলের ব্যানারে এসব পোস্টার ছাপানো হয়েছে। এতে প্রকাশক হিসেবে চন্দনাইশের বিএনপিনেতা এম এ হাশেম রাজু, ব্যারিস্টার পারভেজ আহমেদ, ড. মিজানুর রহমান, আকরাম উদ্দিন চৌধুরী ও গিয়াস উদ্দিন বাবলুর নাম ছাপানো আছে।
গোয়েন্দা কর্মকর্তা মাহমুদ জানান, এম এ হাশেম রাজু নামে এক ব্যক্তি পোস্টারগুলো তার দাওয়াখানায় এনে রাখে বলে নিজামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/এমসি/এমইউএস/পিডি/২১১৬ ঘ.
bdnews24