ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম)- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বাণিজ্যমন্ত্রী ফারুক খানসহ গোপালগঞ্জের সকল নেতার প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অনুষ্ঠান বর্জন করার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ কবির।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মাদ আলী খান আবু মিয়া'র স্মরণে শুক্রবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির মিলনায়তনে গোপালগঞ্জ জেলা সমিতি আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
শেখ কবির বলেন, গোপালগঞ্জ জেলা সমিতির কার্যালয় নির্মাণের জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া জমি ডিআরইউ দখল করে আছে। বিভিন্নভাবে তাদেরকে অনুরোধ করা সত্ত্বেও তারা জমিটি গোপালগঞ্জ জেলা সমিতিকে দিচ্ছে না।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৯৭ সালে সরকার গোপালগঞ্জ সমিতির কার্যালয় নির্মাণের জন্য সেগুন বাগিচায় ১০ শতাংশ জায়গা স্থায়ী বন্দোবস্ত দেয়। এজন্য গোপালগঞ্জ সমিতির পক্ষ থেকে সরকারের নির্ধারিত টাকাও পরিশোধ করা হয়েছে। পরবর্তীতে জোট সরকারের সময় ডিআরইউ ওই জায়গা দখল করে মিলনায়তনসহ নিজস্ব স্থাপনা গড়ে তুলেছে।
ডিআইউকে ভূমি দস্যূ বলে আখ্যা দিয়ে তিনি জায়গাটি অবৈধ দখল মুক্ত করে পুনরায় গোপালগঞ্জ জেলা সমিতিকে বুঝিয়ে দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রী ও অন্য নেতাদের অনুরোধ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ সেলিম পশ্চাদপদ গোপালগঞ্জ জেলার উন্নয়নে গোপালগঞ্জ জেলা সমিতিকে ধান্ধাবাজ মুক্ত করে সকলকে একসাথে কাজ করার অনুরোধ জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এবং ক্ষমতা থেকে যাওয়ার পর ধান্ধাবাজরা রাতারাতি নিজেদের চেহারা পাল্টায়, দল পাল্টায়। এসব ধান্ধাবাজকে জেলা সমিতি থেকে সরিয়ে ফেলতে হবে।
মোহাম্মাদ আলী খান আবু মিয়া ২৮ জানুয়ারি রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। সভা শেষে তার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি শামসুল হুদা মানিক মিয়া, স্ট্যান্ডার্ড ব্যাংকের সভাপতি আকরাম হোসেন কাজী।
বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/এসআইএম/কেএমএস/২২০৭ ঘ.
bdnews24