ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা কল্যাণ সংস্থার অধীনে মোট ১৭টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে ১৬টি লাভজনক বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বুধবার সংরক্ষিত নারী আসনের (২২) সাংসদ মাহফুজা মণ্ডলের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী জানান, সেনা কল্যাণ সংস্থার অধীনে ১৭টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে ১৬টি লাভজনক। এ খাত থেকে বিগত আর্থিক বছরে ৭৬ দশমিক ১১ কোটি টাকা মুনাফা হয়েছে।
"এ মুনাফার টাকা থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ও তাদের ওপর নির্ভরশীল সন্তান এবং তাদের স্ত্রীদের জন্য সহায়তা দেওয়া হয়," বলেন মন্ত্রী।
সহায়তার খাতগুলো হলো- শিক্ষামূলক বৃত্তি, চিকিৎসা সুবিধা, দুঃস্থভাতা, বয়োজ্যষ্ঠ ভাতা, বিশ্রামাগার সুবিধা ও হতদরিদ্র সশস্ত্রবাহিনীর সদস্যদের আবাসন ব্যবস্থা।
সাংসদ অপু উকিলের প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী জানান, এনজিওর দায়বদ্ধতা নিশ্চিত করতে এনজিও বিষয়ক ব্যুরোর দুইটি আইনকে একীভূত করে আরো যুগোপযোগী করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম ১০টি
?
অপু উকিলের এক প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার জানান, বর্তমানে দেশে ক্রিকেট উপযোগী স্টেডিয়ামের সংখ্যা ১০টি ও হকি স্টেডিয়ামের সংখ্যা একটি। এসব স্টেডিয়াম আন্তর্জাতিক মানসম্মত।
তিনি আরো জানান, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম বাড়ানোর পরিকল্পনা সরকারের বিবেচনাধীন নয়েছে। আগামী ৫ বছরের মধ্যে তা বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা-৯ আসনের সাংসদ মো. তাজুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী অন্য ১৩টি দেশের রাষ্ট্র প্রধান, সরকার প্রধান ও ক্রীড়া মন্ত্রীদেরকে উদ্বোধনী অনুষ্ঠানসহ বাংলাদেশে যে সব ম্যাচ অনুষ্ঠিত হবে সে ম্যাচগুলো উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৩৫ ঘ.
bdnews24