ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) নির্বাচনে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
পুরান ঢাকায় আদালত পাড়ায় ঢাকা আইনজীবী সমিতির মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ৯টায় দ্বিতীয় দিনের মত ভোট শুরু হয়। শেষ হয় বিকাল ৫টায়।
মোট ১০ হাজার ৯৩৭ ভোটারের মধ্যে ভোট গ্রহনের প্রথম দিনে বুধবার ২ হাজার ৭৮৭ ভোটার ভোট দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নির্বাচন কমিশন সদস্য অ্যাডভোকেট আমিনুল গনী টিটো।
নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনা দল সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ সাদা প্যানেলে ও বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য নীল প্যানেলে নির্বাচনে অংশ নিয়েছে।
২০১১-২০১২ সনের কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে ২৫টি পদে সাদা প্যানেলে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও নীল প্যানেলে একজনের প্রার্থিতা বাতিল হওয়ায় ২৪ জন প্রার্থীকে নিয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে।
এ নির্বাচনে সাদা প্যানেল থেকে সভাপতি পদে শেখ হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী হোসেন এবং নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে মা.মাসুদ আহমেদ তালুকদার ও মো. ইকবাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রায় ১৫ হাজার সদস্যের এ আইনজীবী সমিতি (বারের) নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ আইনজীবী এনায়েত হোসেন খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৭৫২ ঘ.
bdnews24