২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চট্টগ্রাম থেকেই সরকার পতনের আন্দোলন শুরু করুন'

জুলুমবাজ সরকারকে 'লাল কার্ড ' দেখানোর আন্দোলন চট্টগ্রাম থেকেই শুরু করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুলুমবাজ সরকারকে 'লাল কার্ড ' দেখানোর আন্দোলন চট্টগ্রাম থেকেই শুরু করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন। বুধবার বিকালে চট্টগ্রামের লালদীঘির ময়দানে জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে তিনি এ আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার মোশাররফ বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার আগে যে সব ওয়াদা করেছিল, তার একটিও পূরণ করতে পারেননি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের তুলনায় খারাপ দাবি করে তিনি বলেন, "এ সরকারের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তাদের হাতে দেশের সীমান্ত-স্বাধীনতা-সার্বভৌমত্ব সম্পূর্ণ অরক্ষিত।" চট্টগ্রামবাসী গত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে দিয়ে এ সরকারের প্রতি অনাস্থা দেখিয়েছে উল্লেখ করে তিনি চট্টগ্রাম থেকেই সরকারকে 'লাল কার্ড' দেখানোর আন্দোলন শুরুর আহবান জানান। এই বিএনপি নেতা বলেন, বিশ্বকাপের কথা বিবেচনা করে তার দল সরকারের বিরুদ্ধে কঠিন কোনো কর্মসূচি দেয়নি। বিশ্বকাপ ক্রিকেট শেষ হলেই কঠিন কর্মসূচি দেওয়া হবে। সরকার দ্রব্যমূল্য ও শেয়ারবাজারে পতন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এর দায় বিএনপির ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি আবুল হাশেম বক্করের সভাপতিত্বে বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেকমন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি ও সাবেকমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ। আমীর খসরু মাহমুদ চৌধুরী সমাবেশে বলেন, "বর্তমান ব্যর্থ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে চট্টগ্রামে বাকশালী সরাকরের পতন ঘটানো হবে।" আগামী সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগকে পরাজিত করে বিএনপির প্রার্থীরা বিজয়ী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। বিরোধীদলীয় চিফ হুইফ জয়নাল আবদিন ফারুক মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাকা চৌধুরীর মুক্তি দাবি করে বলেন, "আমরা সংসদে কথা বলতে যেতে পারছি না। দলের এই সাংসদকে সঙ্গে নিয়েই আমরা সংসদে যেতে চাই।" অন্যদের মধ্যে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক কাজী বেলাল উদ্দিন সমাবেশে বক্তব্য রাখেন। এই মহাসমাবেশ শুরুর আগে বিকাল ৩ টা ৫০ মিনিটে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে যুবদলের দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পরে। নগর যুবদল সভাপতি আবুল হাশেম বক্কর ও সাধারণ সম্পাদক হাজী বেলাল উদ্দিনের সমর্থকদের মধ্যে প্রায় ২০ মিনিট ধরে এ সংঘর্ষ হয়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২০৫৯ ঘ.