চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন শুরু হওয়ার আগেই বিএনপির কেন্দ্রীয় নেতাদের সামনে যুবদলের দু'পক্ষে সংঘর্ষ হয়েছে।
দু'পক্ষের এক পক্ষের নেতৃত্বে আছেন যুবদল সভাপতি আবুল হাশেম বক্কর, অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাধারণ সম্পাদক কাজী বেলাল।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক, স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় উভয় পক্ষের প্রায় ২৫ জন নেতা-কর্মী পরস্পরের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন। সংঘর্ষ চলাকালে যুবদলের দুপক্ষের নেতা-কর্মীরা লাঠি নিয়ে পরস্পরের ওপর হামলা করে। এক পর্যায়ে মঞ্চে ওঠে আসেন কাজী বেলালের অনুসারীরা।
বুধবার বিকাল ৪টায় এ সম্মেলন হওয়ার কথা ছিল। পৌনে ৪টার দিকে সম্মেলন স্থল লালদীঘির মাঠের মঞ্চের দক্ষিণ পাশে সংঘর্ষে লিপ্ত হয় নগর যুবদলের দু'পক্ষ।
মধ্যে আবুল হাশেম বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান এবং কাজী বেলাল নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
নগর বিএনপির রাজনীতিতে আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরু বিরোধী দুটি ধারার নেতৃত্ব দিচ্ছেন।
সম্মেলনস্থলে উপস্থিত দৈনিক ইত্তেফাক পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল ইসলাম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্মেলন শুরুর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় লাঠি, ব্যানার ও চেয়ার নিয়ে তারা পরস্পরের ওপর হামলা করে।
সংঘর্ষে যুবদল কর্মীরা সাংবাদিকদের জন্য সংরক্ষিত চেয়ারগুলো ভেঙে ফেলে বলে জানান রফিকুল।
পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হওয়ার পর বিকাল সাড়ে ৪টার দিকে সম্মেলন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/পিডি/১৮০৬ ঘ.
bdnews24