২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা না হলে ফলাফল অন্যরকম হতো: মহিউদ্দিন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনের ফল ঘোষণার সময় সহিংসতার ঘটনা না ঘটলে ফলাফল 'অন্যরকম' হতো বলে মন্তব্য করেছেন পরাজিত মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 09:00 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনের ফল ঘোষণার সময় সহিংসতার ঘটনা না ঘটলে ফলাফল 'অন্যরকম' হতো বলে মন্তব্য করেছেন পরাজিত মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী। বুধবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। গত বছরের ১৭ জুন অনুষ্ঠিত সিসিসি নির্বাচনে কিছু কেন্দ্রের ফল ঘোষণার বিলম্ব ও ফলাফল ঘোষণার সময় সহিংস ঘটনা ঘটে। এর তদন্তে এ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির একমাত্র সদস্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা মহিউদ্দিন চৌধুরীর সাক্ষ্য নেন। এ সময় মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে ছিলেন তার আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী ও ছেলে চৌধুরী মহিবুল হাসান নওফেল। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, "সালাউদ্দিন কাদের চৌধুরী ও আমীর খসরু মাহমুদ চৌধুরী টেলিভিশনের বলেছিলেন- আমরাই জয়ী হবো। সবাই এগিয়ে আসুন। এ ঘোষণার পরই সহিংসতা ছড়িয়ে পড়ে।" এ দুই বিএনপি নেতা পরিকল্পিতভাবে ফলাফল ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন বলে দাবি করেন তিনি। ফল ঘোষণার পর কেন সহিংস ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা দরকার উল্লেখ করে মহিউদ্দিন বলেন, "৬৪ কেন্দ্রের ফলাফলে আমি এগিয়ে ছিলাম। সহিংসতা না ঘটলে ফল অন্যরকম হতো।" তার আইনজীবী ইফতেখার বলেন, "ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজ কেন্দ্রের ১০টি ব্যালেট বক্স ছিনতাইয়ের ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এরকম আরো ঘটনা সেদিন ঘটেছিলো। এ বিষয়ে জানার পরও রিটার্নিং অফিসারসহ অন্য নির্বাচনী কর্মকর্তরা ফল ঘোষণা করেছেন।" তিনি জানান, সহিংসতার ঘটনায় পুলিশের করা মামলা এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তার করা জিডিসহ বিভিন্ন নথিপত্র তদন্ত কমিটিতে জমা দেওয়া হয়েছে। নির্বাচনের ফল ঘোষণার সময় নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষ এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম এলাকায় সহিংসতার ছবি এবং ভিডিও ফুটেজ বৃহস্পতিবার (আগামীকাল) তদন্ত কমিটির কাছে জমা দেওয়া হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ইফতেখার সাইমুল। মহিউদ্দিন চৌধূরীর সাক্ষ্য প্রদান শেষে তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেন সিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী। ২০১০ সালের ১৭ জুন অনুষ্ঠিত সিসিসি নির্বাচনে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমের কাছে ৯৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। ভোটের ফল ঘোষণার সময় নিয়ন্ত্রণ কক্ষের বাইরে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। নির্বাচনে ৬৭৩টি কেন্দ্রের মধ্যে ৬০টির ফল ঘোষণার পর বাকি ফলাফল ঘোষণা বিলম্বিত হয়। মঙ্গলবার তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেন মেয়র মনজুর আলম ও নির্বাচনী দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটরা। এর আগে মঙ্গলবার সকালে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম এলাকা ঘুরে দেখেন তদন্ত দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কিউএইচ/এমআই/১৪৫৫ ঘ.