২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় শিবিরের সভা পণ্ড

নেত্রকোনায় ইসলামী ছাত্র শিবিরের একটি সভা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আটক করা হয়েছে জামায়াতে ইসলামী সমর্থিত এ ছাত্র সংগঠনের দুই কর্মীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 09:06 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

নেত্রকোনা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনায় ইসলামী ছাত্র শিবিরের একটি সভা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আটক করা হয়েছে জামায়াতে ইসলামী সমর্থিত এ ছাত্র সংগঠনের দুই কর্মীকে। শিবির নেতারা বলছেন, ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার জেলা শহরের কুরপাড়ায় দলীয় কার্যালয়ে সভা করছিলেন। আর তাতে পুলিশের মদদে হামলা চালায় ছাত্রলীগ। তবে ছাত্রলীগ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পুলিশ বলছে, অনুমতি না নিয়ে গোপন সভা করায় শিবিরকে সভা করতে দেওয়া হয়নি। জেলা ছাত্র শিবিরের সভাপতি জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে অতর্কিত হামলা চালায়। হামলায় সংগঠনের জেলা সম্পাদক মনোয়ার হোসাইন, জেলা শাখার সাহিত্য সম্পাদক ইকবালুর শামীম, আটপাড়া থানার সম্পাদক মোহাম্মদ জাকারিয়াসহ অন্তত ৪০ জন আহত হয়। কুড়পার এলাকায় ছাত্র শিবিরের তিনটি মেসে হামলা চালিয়ে চারটি মটর সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও জহিরুল দাবি করেন। শিবিরের অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে ছাত্রলীগের জেলা সভাপতি ফয়সাল আহমেদ রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিবিরের কার্যালয়ে ছাত্রলীগের কোনো নেতাকর্মী হামলা চালায়নি। দলীয় কার্যালয়ে সভার নামে তারা জঙ্গি তৎপরতা চালাচ্ছিলো। এলাকাবাসীই তাদের প্রতিরোধ করেছে।" এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালেমুজ্জামান সাংবাদিকদের বলেন, "অনুমতি ছাড়া শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলো। তাই সভা করতে দেওয়া হয়নি।" দুই শিবিরকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.