২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসারদের বিদেশ পাঠানোর ব্যবস্থা হচ্ছে: প্রধানমন্ত্রী

আনসার সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 10:05 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

গাজীপুর, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনসার সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনসার-ভিডিপি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, কর্মকর্তাদের আবাসন প্রকল্প বাস্তবায়ন এবং স্বল্পতম সময়ে এ বাহিনীর জন্য নতুন সদর দপ্তর স্থাপনের স্থান বরাদ্দ ও স্থাপনা নির্মাণের আশ্বাসও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মঙ্গলবার গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩১তম জাতীয় সমাবেশে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা তার আগের সরকারের সময় আনসার-ভিডিপি সদস্যদের ভাতা বাড়ানোসহ অন্যান্য উন্নয়ন পদক্ষেপের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, "আনসার সদস্যদের জন্য বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। "১৯৯৮ সালে আমি আনসার বাহিনীকে জাতীয় পতাকা প্রদান করেছিলাম। সে সময় ব্যাটালিয়ন আনসারদের চাকরি স্থায়ী করার উদ্যোগও আমরা নিয়েছিলাম। এ বাহিনীর কল্যাণে আমরা আনসার ও ভিডিপি ব্যাংক গঠন করেছিলাম।" আনসারদের চাকরি স্থায়ী হওয়ার সময়সীমা ১২ বছর থেকে কমিয়ে ৯ বছর করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আনসার-ভিডিপি সদস্যদের 'গ্রামীণ সমাজের সবচেয়ে প্রশিক্ষিত অংশ' উল্লেখ করে হাসিনা বলেন, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে আনসার সদস্যদের জ্ঞানকে নিজ নিজ এলাকার জনগণের মধ্যে বিতরণ করতে হবে। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী খোলা জিপে করে একাডেমির প্যারেড গ্রাউন্ড পরিদর্শন ও আনসার বাহিনীর কুচকাওয়াজ উপভোগ করেন। কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য মো. আবুল খায়েরকে 'বাংলাদেশ আনসার পদক' এবং সিপাহী মিনা আক্তার, সিপাহী রুবিনা আক্তার, ল্যান্সনায়েক আবু বকর সিদ্দিক, পিসি সামছুল আলমের হাতে 'রাষ্ট্রপতি আনসার পদক' তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ও মেহের আফরোজ চুমকি উপস্থিত ছিলেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরি হাসান সারওয়ার্দী, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, তিন বাহিনী ও পুলিশ বাহিনীর প্রধান এবং কূটনৈতিকরা এতে যোগ দেন। সবশেষ শেখ হাসিনা আনসার একাডেমির লেকের পাশে বসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ ও আনসার সদস্যদের তৈরি কুটির শিল্প পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে কৃষি-শিক্ষা-বিদ্যুৎ খাতের উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, "ক্ষুধা-দারিদ্র্য-নিরক্ষরতামুক্ত, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। আমাদের সরকার নির্বাচনের আগে জনগণকে দেওয়া ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।" "এ বছরের মাঝামাঝি থেকে বিদ্যুতের লোড শেডিং সহনীয় পর্যায়ে চলে আসবে। ইতোমধ্যে ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করেছি", যোগ করেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬০০ ঘ.