ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
সোমবার রাতে গুলশানের কার্যালয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জাতীয় পার্টির শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
এর আগে বিভিন্ন সময় বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে মত দিয়েছে।
বিএনপি চেয়ারপারসন বর্তমান নির্বাচন কমিশনকে সরকারের 'আজ্ঞাবহ' আখ্যায়িত করে বলেন, এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। পৌর নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল সংখ্যায় বিজয়ী হতেন।
তিনি এও দাবি করেন যে, ২০০৮ সালের নির্বাচনে জনগণ বিএনপির বিপক্ষে ছিলো না। একটি সাজানো নির্বাচনে তার দলকে হারানো হয়েছে।
আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল জনরায় নিয়ে ক্ষমতায় যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিরোধী দলীয় নেতা।
জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ আলী আহমদের নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন।
জগন্নাথপুর জাপা নেতাদের মধ্যে জামিল মিয়া, সোহেল আমিন, মাওলানা নিজামউদ্দিন জালালাবাদী, পশ্চিম বীরগাঁও এর ইউপি চেয়ারম্যান মনোয়ার আলী প্রমুখ রয়েছেন।
বিএনপি চেয়ারপারসন তার দলে নতুন যোগদানকারীদের অভিনন্দন জানান।
মহাজোট সরকারের সমালোচনা করে খালেদা বলেন, "এই সরকার একটি অযোগ্য, ব্যর্থ ও ক্রীতদাসের সরকার। বিশ্বের অনেক দেশে গণআন্দোলনের মুখে রাষ্ট্রনায়করা পালাচ্ছেন। আমাদের দেশেও এই অবস্থা রয়েছে। এভাবে আর দুঃখ-কষ্ট না করে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের রাজপথে নেমে আসতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। ''
খাদ্য সংকট নিরসনে প্রয়োজনে উন্নয়ন কাজ বন্ধ রেখে খাদ্য আমদানি করা হবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের জবাবে বিরোধী দলীয় নেতা প্রশ্ন রাখেন- উন্নয়ন কাজ বন্ধ রেখে খাদ্য আমদানি করা হলে মানুষের হাতে অর্থ আসবে কোত্থেকে? মানুষ চাল কিনবে কী করে?"
দেশে দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে বলেও তিনি দাবি করেন।
সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সহসভাপাতি শমসের মবিন চৌধুরী, সাবেক সাংসদ নাসিরউদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিক চৌধুরী ও সৈয়দ আলী আহমেদ বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় নেতা শফি আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি নুরুল হক, মহানগর সহসভাপতি বদরুজ্জামান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩১০ ঘ.
bdnews24